এক বছরেও চালু হয়নি ৪৬ কোটি টাকার শেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে নির্মাণের এক বছর পরও চালু হয়নি কার পার্কিং ও অকশন শেড। ছবিটি গত সোমবার তোলা l সৌরভ দাশ
চট্টগ্রাম বন্দরে নির্মাণের এক বছর পরও চালু হয়নি কার পার্কিং ও অকশন শেড। ছবিটি গত সোমবার তোলা l সৌরভ দাশ

আমদানি হওয়া গাড়ি এবং নিলামযোগ্য পণ্য রাখার জন্য বন্দরের মূল স্থাপনার অদূরে ৪৬ কোটি টাকা ব্যয়ে দুটি শেড নির্মাণ করেছিল চট্টগ্রাম বন্দর। নির্মাণের পর উদ্বোধনও করা হয় পণ্য রাখার শেড দুটি। তবে প্রক্রিয়াগত কাজ শেষ না হওয়ায় নির্মাণের প্রায় এক বছরেও এই দুটি ব্যবহৃত হচ্ছে না। ফলে বন্দরের এই বিনিয়োগের সুফল পাচ্ছেন না ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, শেড দুটি চালু হলে বন্দর চত্বরে পণ্য রাখার জায়গা বাড়বে। এতে বন্দরের পরিচালনকাজে জট কিছুটা হলেও কমবে। জট কমলে বন্দর থেকে পণ্য খালাসেও সময় কম লাগবে। ব্যবসায়ীরা গাড়ির শেডে এক ছাদের নিচে নিরাপদে গাড়ি রাখার সুযোগ পাবেন। নিলাম শেডে নিলামপণ্য সুরক্ষিত অবস্থায় রাখা যাবে। তবে দুটিই অব্যবহৃত থাকায় এখনই এসব সুফল পাওয়া যাচ্ছে না। নিলামযোগ্য পণ্য বন্দরের খোলা চত্বরে নষ্ট হচ্ছে।
বন্দর সূত্রে জানা যায়, কাস্টমসের নিলামযোগ্য পণ্য যথাযথভাবে সংরক্ষণের জন্য বন্দর জেটির অদূরে বন্দর স্টেডিয়ামের কাছে পাঁচ একর জায়গায় অকশন শেড নির্মাণ করা হয়। ২০১৫ সালের ২ সেপ্টেম্বর এটি উদ্বোধন হয়। উদ্বোধনের পর কাস্টমস কর্তৃপক্ষের কাছে শেডটির চাবি হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার শওকত আলী প্রথম আলোকে বলেন, বন্দর ও কাস্টমসের দুটি কমিটি নিলামযোগ্য কী পণ্য নেওয়া হবে এবং কীভাবে নেওয়া হবে, তা যাচাই-বাছাই করছে। যাচাই-বাছাইয়ের কাজ শেষ হলে সেখানে নিলামযোগ্য শুধু কনটেইনারবিহীন খোলা পণ্য রাখা যাবে। তবে এটিতে নিলামযোগ্য কনটেইনার-ভর্তি পণ্য রাখার সুবিধা নেই।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রথম আলোকে বলেন, বন্দর চত্বরে নানা স্থানে খোলা জায়গায় নিলাম পণ্য রাখায় এগুলো নষ্ট হচ্ছে। বন্দর ও কাস্টমসের মধ্যে সমন্বয়ের অভাবে দ্রুত শেডটি চালু হচ্ছে না।
বন্দর কর্মকর্তারা বলেন, অকশন শেডের পাশে আমদানি হওয়া গাড়ি রাখার জন্য কার পার্কিং শেড নির্মাণ করা হয়। ২০১৪ সালের ৯ মে শেডটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হয় গত বছরের ৮ মে। এ বছরের ৭ মে এই শেড উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান। বন্দরের জেটিতে জাহাজ থেকে গাড়ি নামানোর পর প্রায় এক কিলোমিটার দূরে এই কার শেডে গাড়ি নিয়ে আসার জন্য ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুটি ক্যারিয়ার (গাড়ি বহনকারী) সংগ্রহ করেছে বন্দর।
গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, বহুতল কার পার্কিং সুবিধা চালুর দাবি ছিল দীর্ঘদিনের। বহুতল না হয়ে একতলা কার পার্কিং হয়েছে। তবে তা চালু না হওয়ায় গাড়ি ব্যবসায়ীরা সুফল পাচ্ছেন না। এখন খোলা জায়গায় গাড়ি রাখার ফলে গাড়ির কাঠামোগত সুরক্ষা হচ্ছে না।
শেড দুটি সম্পর্কে বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, দুই মাস আগে কার পার্কিং শেডটি ‘বন্ডেড এরিয়া’ হিসেবে ঘোষণার জন্য বন্দর থেকে প্রয়োজনীয় নথিপত্র দেওয়া হয়েছে রাজস্ব বোর্ডের কাছে। প্রক্রিয়াগত কাজ শেষ হলে গাড়ি রাখা শুরু হবে। তবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে নিলাম শেডের চাবি হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কাস্টমস চাইলে যেকোনো সময় এটি চালু করতে পারে। নতুন শেডে নিলামযোগ্য খোলা পণ্য রাখা হলে বন্দরের মূল চত্বরে অনেক জায়গা খালি হবে, যা কনটেইনার রাখার জন্য ব্যবহারের সুযোগ হবে।
বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরে নিলামযোগ্য পণ্যের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কনটেইনার-ভর্তি পণ্য। এখন বন্দর চত্বরে নিলামে তোলার মতো ৩ হাজার ৭৭৩ একক কনটেইনার-ভর্তি পণ্য আছে, যা আমদানি পণ্যভর্তি কনটেইনার রাখার ধারণক্ষমতার ১৪ শতাংশ। এসব পণ্য দ্রুত খালাস হয় না। দীর্ঘদিন পড়ে থাকায় বন্দরের পরিচালন কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিলাম শেডের পাশে কনটেইনার রাখার সুবিধা থাকলে নিলামযোগ্য কনটেইনারও মূল চত্বর থেকে সরিয়ে নেওয়া যেত।
এ বিষয়ে জাফর আলম বলেন, বন্দরের মূল চত্বর থেকে সরিয়ে নিলামযোগ্য কনটেইনার-ভর্তি পণ্য রাখার জন্য বেসরকারি ডিপো চিটাগাং কনটেইনার ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেডে ব্যবস্থা করা হয়েছে। সেখানে তিন শতাধিক কনটেইনার নেওয়া হয়েছে।