রানা প্লাজা ধসের এক বছরের মাথায় এসে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে উন্নতি হয়েছে। ১৫০টির বেশি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠান ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ নামে একটি অবশ্যপালনীয় চুক্তিতে স্বাক্ষর করেছে। অন্যদিকে ওয়ালমার্ট, সিয়ার্স ও গ্যাপসহ ২৬টি প্রতিষ্ঠান, যাদের বেশির ভাগই আমেরিকান, পৃথক একটি ‘অ্যালায়েন্স’ গঠন করেছে, যার মাধ্যমে তারা নিরাপত্তার মান উন্নয়নে (একই সঙ্গে কোনো ত্রুটি ঘটলে নিজেদের দায় কমাতে) বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেসব কারখানা থেকে তারা পোশাক সংগ্রহ করে, সেসব কারখানার মান ক্রমাগত বাড়ানো হচ্ছে, তদারকও জোরদার হয়েছে।
ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জিএসপি বা অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা স্থগিত করাসহ বিদেশি বিভিন্ন সরকারের চাপে নতুন শ্রম আইন করা হয়েছে, মন্দ কর্মপরিবেশের বিরুদ্ধে কথা বলার জন্য শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ সহজ করা হয়েছে। আর তাদের সম্মিলিত উদ্যোগ ন্যূনতম মজুরি বৃদ্ধি করেছে, যা কিনা শ্রমিকদের কিছুটা আর্থিক নিরাপত্তা দিয়েছে।
কিন্তু আমরা যদি বিশ্বাস করি যে গোটা শিল্প খাত পুরোপুরি পরিচ্ছন্ন হয়ে গেছে কিংবা পশ্চিমাদের উদ্বেগে সাড়া দিয়ে তা করার প্রয়াস অব্যাহত রাখছে, তাহলে তা হবে বোকামি।
গত বছর স্বতন্ত্র কারখানা পরিদর্শকদের প্রতিবেদন থেকে উদ্বেগজনক চিত্রই ফুটে ওঠে। বিপজ্জনকভাবে ভারী ওজনের চাপ কারখানার দেয়ালে ফাটল ধরিয়েছে, ভবনের বিম বাঁকিয়ে দিয়েছে। কোনো কোনো জায়গায় প্রাথমিক অগ্নিনির্বাপণ যন্ত্রই নেই। নেই বহির্গমনের পথ। দেশের অন্যতম সেরা কারখানা ভবন সম্পর্কেও একাধিক ত্রুটি উল্লেখ করা হয়েছে। আর এই কারখানাটি হলো হুগো বস, মার্কস অ্যান্ড স্পেনসারের মতো প্রতিষ্ঠানের গ্রাহক।
বাংলাদেশে যেটা সর্বজ্ঞাত গোপনীয় তা হলো বিপুলসংখ্যক কারখানার উৎপাদন কার্যক্রম অনেকটা আড়ালেই সম্পন্ন হয়। অ্যাপার্টমেন্ট ভবনের মধ্যে একপ্রকার চাপাচাপি করে, বেসমেন্টে ও ছাদের ওপর বসে, কম মজুরি ও বেশি কাজের বোঝা মাথায় নিয়ে শ্রমিকেরা প্রচণ্ড চাপের মধ্যে বড় বড় কোম্পানির কার্যাদেশ শেষ করে। আড়ালে থাকার সুবাদে কারখানার মালিকেরা শ্রমিকদের সঙ্গে যথেচ্ছা অন্যায় করে, নিরাপত্তার দিক কেটেছেটে ফেলে।
গত বছর সেপ্টেম্বর মাসের এক দুপুরে ঢাকার একটি চিহ্নহীন কারখানায় ঢুকেছিলাম স্বচক্ষে অবস্থা দেখার জন্য। জানালাবিহীন ভবনে মাথার ওপর ঝুলন্ত পাখা নিয়ে ও ফ্লুরোসেন্ট বাতির আলোয় শ্রমিকেরা গাদাগাদি করে টি-শার্ট আয়রন করছিলেন। এক কোনায় একজন লোক গোলাপি রঙে শিশুদের জন্য তৈরি জাম্পসুটে পাঁচ পাউন্ডের প্রাইসট্যাগ সাঁটাচ্ছিলেন। আমি যদিও আগে থেকে না বেছেই এই কারখানায় গিয়েছিলাম, তার পরও সেখানে অগ্নিনিরাপত্তা বিধির ব্যাপক লঙ্ঘন দেখতে পাই। দুর্ঘটনা ঘটলে বেরিয়ে আসার পথনির্দেশিকা ঢাকা ছিল অন্য কাগজে। কবজার সংযোগ ছিল না। পানির নল আর বহির্গমনের পথ রুদ্ধ হয়ে ছিল বাক্স ও সিনথেটিক ফেব্রিকসের স্তূপ দিয়ে।
একজন শীর্ষ পোশাক প্রস্ততকারক আমার কাছে স্বীকার করেছেন যে অননুমোদিত ঠিকাদারি বা সাব-কন্ট্রাক্টরি এখনো গোটা শিল্পেই বহুল প্রচলিত। রাজনৈতিক সহিংসতা, হরতাল, বিদ্যুৎ বিপর্যয়, উৎপাদন ব্যাহত হওয়ার এ রকম নানা হুমকির মুখেও পণ্য সরবরাহের সময়সীমা ধরে রাখতে এই ঠিকাদারি অব্যাহত থাকে। তাঁর ভাষায়, ‘প্রতিদিনই এই সাব-কন্ট্রাক্টিং হচ্ছে, আপনি এটা বন্ধ করতে পারবেন না। ব্র্যান্ডগুলো আনুষ্ঠানিকভাবে বলবে যে আর করা যাবে না। তবে অনানুষ্ঠানিকভাবে তারাও জানে যে এটা সব সময় হচ্ছে।’
পশ্চিমাদের উদ্বেগ যে কমে আসছে, তার প্রতিফলিত হয় রানা প্লাজা ধসে ক্ষতিপূরণের জন্য চার কোটি ডলার প্রদানের কথা থাকলেও কোম্পানিগুলো মাত্র এক কোটি ১৭ লাখ ডলার জমা দিয়েছে। এখন পর্যন্ত রানা প্লাজা দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তি ও পরিবারগুলো প্রতিশ্রুত ক্ষতিপূরণের পুরোটা পায়নি।
[ওয়াশিংটন পোস্ট-এ জাসন মোটলাঘার ১৮ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনের সংক্ষিপ্ত রূপান্তর]