এক বছরের বহুমুখী ভিসা দেওয়া হতে পারে পাকিস্তানি ব্যবসায়ীদের
দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর অংশ হিসেবে পাকিস্তানের ব্যবসায়ীদের বাংলাদেশে আসার ক্ষেত্রে এক বছর মেয়াদি বহুমুখী ভিসা-সুবিধা দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ। পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত সোহরাব হোসেন দেশটির ব্যবসায়ীদের এ কথা জানিয়েছেন।ফয়সালাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) এক অনুষ্ঠানে গত মঙ্গলবার রাষ্ট্রদূত এ কথা বলেন। বুধবার এক খবরে এমনটাই জানিয়েছে পাকিস্তানের দৈনিক ট্রিবিউন এক্সপ্রেস।এ সময় রাষ্ট্রদূত বলেন, ব্যবসায়ীদের ভিসা নেওয়ার জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার প্রয়োজন নেই; এফসিসিআইয়ের পক্ষ থেকে লিখিত সুপারিশপত্র হলেই চলবে।বাংলাদেশের উৎপাদনশীল ও কৃষি খাতে শতভাগ এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ সরকারের নীতিমালা বিনিয়োগ-সহায়ক, রয়েছে সস্তা শ্রম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যবস্থা। তা ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক প্রণোদনাও রয়েছে।বাংলাদেশে যেকোনো শিল্প স্থানান্তরে দূতাবাস সব ধরনের সহায়তা দেবে বলেও জানান সোহরাব হোসেন।