এক বছরের ব্যবধানে উল্টো চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের ব্যবধানে দেশের শেয়ারবাজারে ঠিক যেন উল্টো চিত্র বিরাজ করছে। ২০১০ সালের ডিসেম্বরে বাজারে লেনদেন, মূলধনসহ বিভিন্ন সূচকে একের পর এক রেকর্ড হয়েছে। আর চলতি বছর একই সময়ে অব্যাহত দরপতন আর হতাশা সঙ্গী হয়েছে বিনিয়োগকারীদের। এক বছরের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় তিন হাজার ৬১৭ পয়েন্ট। যদিও এই এক বছরে বাজারে শেয়ারসংখ্যা অনেক বেড়েছে। পাশাপাশি বছরের ব্যবধানে লেনদেনের পরিমাণ কমেছে প্রায় দুই হাজার কোটি টাকার। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১০ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষে (৫-৯ ডিসেম্বর) সাধারণ মূল্যসূচকের গড় অবস্থান ছিল আট হাজার ৬৬১ পয়েন্ট, গড় লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৩২১ কোটি টাকা এবং বাজার মূলধনের দৈনিক গড় ছিল প্রায় তিন লাখ ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০১০ সালের ৫ ডিসেম্বর সূচক, লেনদেন, বাজার মূলধনসহ আরও বেশ কয়েকটি সূচক শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। ২০১১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষে (৪-৮ ডিসেম্বর) ডিএসইর দৈনিক গড় লেনদেন নেমে এসেছে প্রায় ২২৭ কোটি টাকায়। বাজার মূলধনের দৈনিক গড় পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ৫৩ হাজার কোটি টাকায়। সাধারণ সূচকের গড় অবস্থান নেমে এসেছে পাঁচ হাজার ৪৪ পয়েন্টে। ২০১০ সালের প্রায় পুরোটা সময় বাজারে চাঙাভাব বজায় ছিল। তার বিপরীতে চলতি বছরের এ পর্যন্ত দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাজার। যদিও বাজার ধসের সূচনা হয়েছিল গত বছরের ডিসেম্বরে।দীর্ঘ সময় ধরে চলমান দরপতনে পুঁজি হারিয়ে ক্ষুব্ধ বিনিয়োগকারীদের অনেকেই রাস্তায় নেমে এসেছেন। এ অবস্থায় বাজারে গতিময়তা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গুচ্ছ প্রণোদনা ঘোষণা করে। সেই প্রণোদনাও বাজারের দরপতন থামাতে পারেনি। টানা দরপতনে গত সপ্তাহের মাত্র চার কার্যদিবসে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ৫ দশমিক ৮১ শতাংশ বা ৩০৪ পয়েন্ট। প্রণোদনার পরও সূচক আবারও নেমে এসেছে পাঁচ হাজার পয়েন্টের নিচে। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছে চার হাজার ৯৩২ পয়েন্টে।গত সপ্তাহ থেকে শেয়ারবাজারে অভিন্ন অভিহিত মূল্য (ফেসভ্যালু) চালু করা হয়েছে। তিনটি কোম্পানি বাদে শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য এখন এক ও অভিন্ন। এদিকে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের বাধ্যবাধকতা আরোপ করেছে এসইসি। এই শর্ত পরিপালনে জটিলতা কমাতে গত সপ্তাহে ‘সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ’ বিধিমালার সংশ্লিষ্ট ধারাও শিথিল করা হয়। এসইসি ও সরকারের নানা প্রচেষ্টার পরও বাজারে দরপতন অব্যাহত রয়েছে। আর এ জন্য বিনিয়োগকারীদের আস্থাহীনতাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘বাজারে এখন এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। শেয়ারবাজারে চাহিদা তৈরি করতে পারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।’ তিনি আরও বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ও প্রয়োজন অনুসারে সেই চাহিদা তৈরি করতে পারছে না। আবার এখন যুক্ত হয়েছে বছর শেষের আর্থিক হিসাব-নিকাশের আয়োজন। এ অবস্থায় সবাইকে ধৈর্য ধরতে হবে। নতুন বছর শুরু হলে ব্যাংকসহ অন্য প্রতিষ্ঠানগুলো আবারও সামর্থ্য অনুযায়ী বাজারে সক্রিয় হতে শুরু করবে।’ গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯১০ কোটি টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল প্রায় এক হাজার ৫৫৪ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে প্রায় ৪১ শতাংশ বা ৬৪৪ কোটি টাকা। যদিও গত সপ্তাহে পবিত্র আশুরা উপলক্ষে এক দিন লেনদেন বন্ধ ছিল।গত সপ্তাহে ডিএসইতে মোট ২৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৫৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র নয়টির।