
২০১৩ সালের ক্লাইমেট অ্যাওয়ার্ড পেল চারটি প্রতিষ্ঠান। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো নিয়ে কাজের অবদানস্বরূপ গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজকে এই পুরস্কার দেওয়া হয়। পরিবেশবান্ধব ব্যবসায় অবদান রাখা এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এই সম্মাননা দেয় এইচএসবিসি, বাংলাদেশ ও ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার।
মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো পরিবেশবান্ধব ব্যবসায় চট্টগ্রাম ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস লিমিটেড, পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনায় (বাংলাদেশি মালিকানা) হাতিল কমপ্লেক্স লিমিটেড, পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনায় (আংশিক বা পুরোপুরি বিদেশি মালিকানা) হংকংভিত্তিক প্রতিষ্ঠান কসমোপলিটান ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জনসম্পৃক্ততায় বেসরকারি সংস্থা দি রুরাল আনফরচুনেট সেফটি ট্যালিসম্যান ইল্যুমেনিশেন কটেজ (আরইউএসটিআইসি)।
জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলছে সেই বিষয়ে প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণের জন্য বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এই পুরস্কার পান।
রূপসী বাংলা হোটেলে গত শুক্রবার রাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিলকে, ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামসহ গণ্যমান্য ব্যক্তিরা। হাতিল কমপ্লেক্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান, কসমোপলিটান ইন্ডাস্ট্রিজের অর্থবিষয়ক পরিচালক প্রেম সুনি, চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টস লিমিটেডের চেয়ারম্যান দলিল উদ্দিন আহমেদ ও আরইউএসটিআইসির নির্বাহী পরিচালক মোড়ল নূর মোহাম্মদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ২০১০ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনায় অন্যদের উত্সাহিত করবে। তিনি বলেন, পরিবেশবান্ধব কৃষি ও বনায়ন, গণপরিবহন, জ্বালানি শক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিতে হবে।