বিসমিল্লাহ গ্রুপের অর্থ কেলেঙ্কারির দুই মামলায় যমুনা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও প্রাইম ব্যাংক মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি।
আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের শুনানি নিয়ে মোজাম্মেল হোসেনের জামিন স্থগিত করে এ আদেশ দেন।
প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারিতে মোট ৫৩ জনের বিরুদ্ধে গত বছরের ৩ নভেম্বর ১২টি মামলা করে দুদক। ভুয়া কাগজপত্র দেখিয়ে অর্থ সরানো হয়েছে বলে এসব মামলায় অভিযোগ করা হয়। অভিযোগ করা হয়, মালামাল রপ্তানি না করেই জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাত্ করা হয়েছে। পরে টাকা বিদেশে পাচার করাসহ টাকার অবস্থান গোপন করা হয়। মামলায় ৫৩ জনের মধ্যে ৪০ জন ব্যাংক কর্মকর্তা। বাকি ১৩ জন বিসমিল্লাহ গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা। এর মধ্যে প্রাইম ব্যাংকের কর্মকর্তা হিসেবে মোজাম্মেল হোসেনকে দুই মামলায় আসামি করা হয়। পরে তিনি যমুনা ব্যাংকে যোগ দেন। গত ২১ জানুয়ারি এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ২২ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি মুক্তি পান।
হাইকোর্টের ওই জামিন আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদনটি করে। আদালতে দুদকের পক্ষের আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং মোজাম্মেলের পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম ও বি এম ইলিয়াস।