এক ভোটারকে প্রহার ও কিছু বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফবিসিসিআইয়ের নির্বাচন চলাকালে গণতান্ত্রিক পরিষদের একজন সমর্থক ভোটারকে কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্যানেলের সমর্থকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে একটার দিকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক নির্বাচনী ক্যাম্পের সামনে ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং তাঁদের কুশল জিজ্ঞাসা করছিলেন। এ সময় প্রতিপক্ষ প্যানেলের কয়েকজন সমর্থক তাঁকে উদ্দেশ করে নানা কটূক্তি করেন এবং স্লোগান দেন। একপর্যায়ে আনিসুল হকের সঙ্গে থাকা অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটার আমিরুদ্দীনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। আমিরুদ্দীন বাংলাদেশ কাগজ আমদানিকারক সমিতির প্রতিনিধি। তাঁর ভোটার নম্বর ৯৪৩।পরে আমিরুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘কারা আমাকে মেরেছে, আমি বলতে পারব না। তবে তাদের গায়ে এশিয়ান টেক্সটাইলের গেঞ্জি পরা ছিল।’দুপুরে আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি আইনি সীমার মধ্যেই ছিলাম। নির্বাচন বোর্ড যে এলাকার মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ করেছে, আমি সেখানে যাইনি। তবে একজন সাবেক সভাপতি হিসেবে আমি অবশ্যই সেখানে যেতে পারি।’সন্ধ্যায় আমীরুজ্জামান মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি বলেন, পরিচালক পদপ্রার্থী আবু নাসের ও এশিয়ান টেক্সটাইলের স্বত্বাধিকারী হারুন-অর-রশিদ এবং বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির নিজাম উদ্দিন জিতুর উসকানিতে তাঁদের সমর্থকেরা তাঁকে মারধর করেন। বিষয়টি নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের নজরে আনলে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। সে কারণেই জিডি করা হয়েছে।এদিকে নির্বাচন বোর্ড শুক্রবার সভা করে ভোটদান চলাকালে প্রার্থী ও ভোটারদের ভোটকেন্দ্রে মুঠোফোন, ক্যামেরা ও ব্যাগ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে। কিন্তু গতকাল সারা দিন ভোটকেন্দ্রে দেখা গেছে এর বিপরীত চিত্র। ভোটাররা নিজেদের ইচ্ছামতো মুঠোফোন নিয়ে এসেছেন, নির্বাচন বোর্ডের সামনে মুঠোফোনে কথাও বলেছেন।নির্বাচন বোর্ডের আচরণবিধি অনুযায়ী, নির্বাচন উপলক্ষে মিছিল করা বা স্লোগান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এফবিসিসিআই ভবনের সামনে রাজপথে স্থাপন করা নির্বাচনী ক্যাম্পে দিনভরই বিভিন্ন প্রার্থীর পক্ষে স্লোগান দেওয়া হয়েছে। এমনকি মিছিলও হয়েছে।