এক মাসে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ছয়গুণ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক মাসের ব্যবধানে লেনদেন প্রায় ছয়গুণ কমেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আবার আস্থার সংকট লক্ষ করা যাচ্ছে। সৃষ্টি হয়েছে আতঙ্ক। অব্যাহত দরপতন ও লেনদেন কমে যাওয়ায় আতঙ্কিত বিনিয়োগকারীরা রাজপথে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন। গত বুধ ও বৃহস্পতিবার তাঁরা বিক্ষোভ করেছেন ডিএসইর সামনের সড়কে। এ সময় শেয়ারবাজারে অস্থিরতার জন্য অর্থমন্ত্রীর নানা বক্তব্যকে দায়ী করা হয়। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে সক্রিয় হওয়ারও আহ্বান জানান তাঁরা।ডিএসই সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই ডিএসইতে এক হাজার ৯৫৭ কোটি টাকা লেনদেন হয়েছিল। আর গত ১৮ আগস্ট লেনদেন নেমে আসে ৩৩৭ কোটি টাকায়। এ হিসাবে প্রায় এক মাসে ৫ দশমিক ৮১ গুণ বা প্রায় ছয়গুণ কমেছে লেনদেন। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে ভয়াবহ ধসের পর চরম আস্থাহীনতায় ভুগছিলেন বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় গত ২৬ মে ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে যায়। এ দিন ২৯৬ কোটি টাকা লেনদেন হয়। এরপর বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত বাজেটে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়। ফলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা আবারও ফিরতে শুরু করে। সম্প্রতি পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মামলা করছে—এমন খবরে বাজারে বিরূপ প্রভাব পড়তে শুরু করে। এরপর থেকে দরপতনের ধারায় ফিরে যায় শেয়ারবাজার।বিনিয়োগকারী সালেহা রহমান বলেন, ‘আমরা অর্থমন্ত্রীর আমন্ত্রণে শেয়ারবাজারে বিনিয়োগ করেছি। এখন তিনি আমাদের “ফাটকাবাজ” বলছেন। তিনি আমাদের আসতে বলে এখন এ কথা বলছেন কেন?’ তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বামীর আয়ে সংসার চালাতে কষ্ট হয়। তাই একটু স্বাচ্ছন্দ্যের আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করেছি। কিন্তু অব্যাহত দরপতনে এখন প্রায় নিঃস্ব।’সালেহা রহমান অভিযোগ করেন, অর্থমন্ত্রীর শেয়ারবাজার নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বাজারে বিরূপ প্রভাব ফেলছে। তিনি একেক সময় একেক কথা বলেন। আর পরদিনই বাজারে দরপতন হয়। সুতরাং অর্থমন্ত্রীর উচিত আরও সংযত হয়ে কথা বলা।কাজী মো. নজরুল ইসলাম নামের আরেক বিনিয়োগকারী বলেন, ‘হাউসের ঋণ বাদ দিলে আমার বিনিয়োগ করা টাকা ২৫ থেকে ৩০ শতাংশে নেমে এসেছে।’ তিনিও শেয়ারবাজারে দরপতনের পেছনে অর্থমন্ত্রীর বিভিন্ন বক্তব্যকে দায়ী করেন। তিনি বলেন, ‘শেয়ারবাজার খুবই স্পর্শকাতর জায়গা। তাই বাজার নিয়ে মন্তব্য করতে হলে কর্তাব্যক্তিদের আরও সতর্ক হওয়া দরকার।’ তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও সক্রিয় হতে হবে। কেননা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় থাকায় শেয়ারবাজারে লেনদেন খুবই কমে গেছে। এ ছাড়া শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের টাকা আবারও পুনর্বিনিয়োগ করার দাবি করেন তিনি।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, নবগঠিত এসইসির বিভিন্ন পদক্ষেপে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছিল। একটানা ১৪ দিন বাজারে ভালো অবস্থা থাকার পর অর্থমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের কারণে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কয়েকদিন আগে লেনদেন এক হাজার নয় শ কোটি টাকা ছাড়িয়েছিল। গত সপ্তাহে এই লেনদেন মাত্র তিন শ কোটি টাকার ঘরে পৌঁছেছে।আবদুর রাজ্জাক আরও বলেন, ‘সম্প্রতি আমরা এসইসির চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন ও সদস্যদের সঙ্গে দেখা করি। এসইসির পক্ষ থেকে আমাদের বিক্ষোভ করতে নিষেধ করা হয়েছিল। বাজার ভালো হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিল। কিন্তু এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না।’শেয়ারবাজারে যাঁরা বিক্ষোভ করেন তাঁরা বিনিয়োগকারী নন—অর্থমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাপারে আবদুর রাজ্জাক বলেন, ‘অর্থমন্ত্রী এখানে এসে দেখে যান আমরা বিনিয়োগকারী কি না।’চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, ‘অনেক বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা অপেক্ষাকৃত মন্দ শেয়ার বিক্রি করে ভালো শেয়ার কেনার দিকে ঝুঁকছেন। আবার অনেকে ঈদ সামনে রেখে শেয়ার বিক্রি করে দেওয়ায় বাজারে দরপতনের ঘটনা ঘটছে।’ তবে এতে ভয়ের কিছু নেই বলে মনে করেন তিনি।লেনদেন কমে যাওয়ার ব্যাপারে ফখরউদ্দিন বলেন, লেনদেন কম হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর মানে বিনিয়োগকারীরা ভালো শেয়ার ধরে রাখতে চাচ্ছেন।এ ব্যাপারে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালি বলেন, কিছু ব্যক্তির দায়িত্বশীল অবস্থানে থেকে অদায়িত্বশীল কথাবার্তার বিরূপ প্রভাব বাজারে পড়েছে। লেনদেন কমে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ডে ট্রেডিং কমে যাওয়ায় ইদানীং লেনদেন কমেছে। তার মানে যেসব বিনিয়োগকারী আগে প্রতিদিন লেনদেন করতেন এখন তাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে যাচ্ছেন। এটা বাজারের জন্য ইতিবাচক দিক।’বর্তমান অবস্থায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ডিএসইর এই নেতা বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাজারকে বাজারের গতিতে চলতে দেওয়া উচিত। বাজার তার নিজ অবস্থানে চলে আসবে।’