সোয়ানের শ্রমিকদের এক মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য নতুন করে ঋণ দিতে ইসলামী ব্যাংকের কাছে আবেদন করেছে শ্রম মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
সোয়ান গার্মেন্টস ও সোয়ান জিনসের শ্রমিকদের বেতন-ভাতা সংক্রান্ত সমস্যা সমাধানে শ্রম মন্ত্রণালয় গঠিত কমিটির দ্বিতীয় বৈঠক গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঋণের জন্য ইসলামী ব্যাংকে আবেদন করা হয়। কাল বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাংককে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে।
গতকালের বৈঠকে উপস্থিত ব্যাংক কর্মকর্তারা জানান, বৈধ মালিকানা ছাড়া শ্রমিকদের পাওনা পরিশোধে নতুন করে ঋণ দেবে না তারা। পরে কমিটির সদস্যরা শ্রমিকদের এক মাসের বেতন দেওয়ার বিষয়ে ব্যাংককে অনুরোধ করেন। পরে একটি লিখিত আবেদনও করা হয়।
জানতে চাইলে কমিটির সদস্য ও বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান বলেন, সোয়ানের শ্রমিক-কর্মচারী ও কর্মচারীদের এক মাসের বেতন বাবদ ১ কোটি ৩৯ লাখ টাকা প্রয়োজন। কমিটি ব্যাংককে সোয়ানের বন্ধকী সম্পত্তি বা অন্য জমি বন্ধক রেখে ঋণ দিতে বলেন।
কমিটির আরেক সদস্য বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, ‘আমরা ব্যাংককে বলেছি, আপাতত শ্রমিকদের এক মাসের বেতনের অর্থ বিজিএমইএকে বুঝিয়ে দেন। কারখানা খুলে দেওয়ার বিষয়ে ব্যবস্থা নিন।’
বৈঠকে উপস্থিত ইসলামী ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের এক মাসের বেতন দেওয়ার জন্য আবেদন পেয়েছি। সেটি আমরা প্রধান কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে। তবে বৃহস্পতিবারের মধ্যে সেটি নাও হতে পারে।’
এদিকে গতকাল ১৭ দিনের মতো সোয়ানের শ্রমিকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান বলেন, ‘আমরা যতটুকু শুনেছি, এক মাসের বেতন দেওয়ার একটি আলোচনা হচ্ছে। এটি হলে কয়েক দিন বিরতি দিয়ে অন্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সে ক্ষেত্রে কর্মসূচির ধরন পরিবর্তন হতে পারে।’