এক মাসের ব্যবধানে বন্ধ হলো আরও সাড়ে তিন লাখ বিও হিসাব
এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে আরও সাড়ে তিন লাখ বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব বন্ধ হয়ে গেছে। গতকাল রোববারের সর্বশেষ হিসাব অনুযায়ী সক্রিয় বিও হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে সাড়ে ২৪ লাখে। অথচ গত ৩ জুনও শেয়ারবাজারের সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ। বিনিয়োগকারীদের বিও হিসাব ও শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সাম্প্রতিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। সিডিবিএলের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিবছর জুন মাসে বিও হিসাব নবায়ন করা হয়ে থাকে। এ সময় বিনিয়োগকারীদের কাছ থেকে বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় করা হয়। এই ফি না দেওয়ায় সাড়ে তিন লাখ বিও হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। শেয়ারবাজারে লেনদেনের জন্য একজন বিনিয়োগকারীর বিও হিসাব হলো প্রথম শর্ত। সেই বিও হিসাবই স্বেচ্ছায় বন্ধ করে দিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। দেড় বছরেরও বেশি সময় ধরে অস্থিতিশীল বাজার ও শেয়ারের ক্রমাগত দরপতনের কারণেই বিনিয়োগকারীরা বাজারবিমুখ হয়ে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সিডিবিএলের হিসাব অনুযায়ী, বর্তমানে সক্রিয় সাড়ে ২৪ লাখ বিও হিসাবের মধ্যে শেয়ার রয়েছে প্রায় ১৮ লাখ বিওতে। বাকি সাড়ে ছয় লাখ শেয়ারবিহীন সক্রিয় বিও হিসাবের তালিকায় রয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০১১ সালে ১ জুন দেশের শেয়ারবাজারে সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ৩৪ লাখেরও বেশি। আর গতকাল রোববার সেই সংখ্যা কমে নেমে এসেছে সাড়ে ২৪ লাখে। সেই হিসাবে গত এক বছরের কিছু বেশি সময়ের ব্যবধানে প্রায় সাড়ে নয় লাখ বিও হিসাব বন্ধ হয়ে গেছে। সে হিসাবে বলা যেতে পারে, উল্লিখিত সময়ে প্রায় সাড়ে নয় লাখ বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন। এদিকে ২০১০ সালের ডিসেম্বর থেকে শেয়ারবাজারে শুরু হওয়া ধসের বৃত্ত থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি বাজার। এখনো দরপতনের ধারায় বাজার। দেড় বছরের বেশি সময় ধরে চলতে থাকা দরপতনে অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছেন। এ কারণে শেয়ারবাজার ছেড়ে যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। আবার অনেক বিনিয়োগকারী বাজারে আছেন, যাঁদের শুধু বিও হিসাবটিই সক্রিয়। তাতে কোনো শেয়ার নেই। তার মানে লেনদেনে তাঁদের কোনো অংশগ্রহণ নেই। সিডিবিএলের হিসাবে এ রকম নিষ্ক্রিয় বিনিয়োগকারীর সংখ্যাও প্রায় সাড়ে ছয় লাখ। এদিকে চলতি ২০১২-১৩ অর্থবছরের শুরু থেকে বাজারে দরপতন অব্যাহত রয়েছে। ধারাবাহিক এই দরপতনের কারণে দেশের প্রধান শেয়ারবাজারের সাধারণ সূচক নেমে এসেছে প্রায় চার হাজার ২৭৩ পয়েন্টে।