এক মাসের মধ্যে প্রতিবেদন: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল রোববার বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রিজার্ভ চুরি প্রসঙ্গে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ২৪ সেপ্টেম্বর আমি নেদারল্যান্ডস হয়ে ওয়াশিংটন যাব। তার আগেই রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করে যাব।’
রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গত ১৫ মার্চ তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি গত ৩০ মে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন।
অর্থমন্ত্রী ওই সময় বলেছিলেন, বাজেটের কারণে তিনি ব্যস্ত এবং বাজেটের পরে প্রতিবেদনটি প্রকাশ করবেন তিনি। গত ২১ জুলাই অর্থমন্ত্রী সংসদেও বলেন, কয়েক দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে।
কিন্তু মাঝখানে একবার প্রতিবেদন প্রকাশ না করার পক্ষে অবস্থান নেন অর্থমন্ত্রী। আর এতে ক্ষোভ প্রকাশ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
অর্থমন্ত্রী গতকাল প্রতিবেদন প্রকাশে দেরির কারণও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিবেদনটি প্রকাশ হয়ে গেলে সরকারের আইনানুগ কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।’