এক মাসের মধ্যে শিল্প খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন। গতকাল রোববার মতিঝিলে ফেডারেশন ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।২০১০ সালের জুন থেকে সরকার শিল্প খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রেখেছে।প্রধান অতিথির বক্তব্যে বেশি দামে বিদ্যুৎ কেনার বিষয়ে ইঙ্গিত করে তৌফিক-ই-ইলাহী বলেন, বিদ্যুৎ ব্যবহার করতে হলে বিদ্যুৎ কিনতে হবে, নইলে পাওয়া যাবে না। বেশি দাম দিয়ে বিদ্যুৎ কিনলে এর অপচয় ও লোডশেডিং দুটোই কমবে।জ্বালানি উপদেষ্টা আরও বলেন, পরিবেশের দোহাই দিয়ে কোনো ধারণা ছাড়াই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করা ঠিক নয়।বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, দেশের ৫৩ শতাংশ মানুষ এখনো বিদ্যুৎ পায় না। তাদের বিদ্যুৎ দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করতে হলে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যুৎ-সচিব আবুল কালাম আজাদ।বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘দ্রুত বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনে বিদেশ থেকে কয়লা আনা যেতে পারে।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহী বলেন, প্রকৃত উন্নয়নের জন্য উৎপাদনশীল খাতের সম্প্রসারণ জরুরি। এ জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এখন সময়ের দাবি।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে এখনো অনুমোদিত কোনো কয়লানীতি নেই। ফলে এ বিষয়ে সরকারি দর্শনও বোঝা যায় না।রিজওয়ানা হাসান বলেন, ‘প্রয়োজনে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন কোনো আপত্তি পরিবেশবিদদের নেই। তবে তা অবশ্যই পরিবেশসম্মত উপায়ে হতে হবে।’এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, শিল্প খাতের প্রয়োজনে এখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দরকার।’এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হকের পরিচালনায় সভায় জ্বালানিসচিব মেজবাউদ্দিন, অধ্যাপক নুরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবীব, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।