এক মাসের মধ্যেই সিরাজগঞ্জে শিল্পপার্ক স্থাপনের কাজ শুরু
আগামী এক মাসের মধ্যেই সিরাজগঞ্জে শিল্পপার্ক স্থাপনের নির্মাণকাজ শুরু করা হবে। এ ছাড়া কওমি জুট মিল চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং গ্যাস উত্তোলন সাপেক্ষে প্রস্তাবিত সার কারখানাটিও স্থাপন করা হবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল বুধবার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীরে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার বিসিক শিল্পপার্ক কার্যালয়ের সামনে এক সমাবেশে স্থানীয় জনগণকে এমন আশার বাণী শোনান। সমাবেশে মত্স্য ও পানিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সাংসদ ইঞ্জিনিয়ার তানভীর সাকিল, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান উপস্থিত ছিলেন।দিলীপ বড়ুয়া বলেন, সিরাজগঞ্জ শিল্পপার্কে মোট ৫৭০টি শিল্প কারখানা স্থাপন হবে। সেখানে এক লাখ লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। স্থানীয় প্রতিটি পরিবার থেকে যেন একজন করে চাকরি পায়, সেই ব্যবস্থাও নেওয়া হবে।শিল্পমন্ত্রী আরও জানান, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ঐতিহ্যবাহী কওমি জুট মিল চালুর প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া গ্যাস উত্তোলন সাপেক্ষে যমুনা নদীর তীরে সয়দাবাদ এলাকায় প্রস্তাবিত সার কারখানাটি চালু করা হবে। আগামী একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন লাভ করবে।সমাবেশের পরে দুই মন্ত্রী সয়দাবাদ এলাকায় প্রস্তাবিত সার কারখানা, শাহজাদপুরের বাঘাবাড়ীতে বিসিআইসির বাফার সার গোডাউন পরিদর্শন ও জেলা শহরে অবস্থিত কওমি জুট মিল পরিদর্শন করেন।সরকারি কর্মকর্তারা জানান, বর্তমানে এই শিল্পপার্কের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮৫ কোটি টাকা। আগামী ২০১৪ সাল নাগাদ এটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।