এক মিনিটেই সম্পন্ন হবে আন্তব্যাংক লেনদেন
আন্তব্যাংকে বড় অঙ্কের অর্থ লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে তাৎক্ষণিক বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নামে এ সেবা চালু হবে বলে আশা করা হচ্ছে।
এ সেবা চালু হলে কয়েক মিনিটেই এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহককে যেকোনো পরিমাণের অর্থ পরিশোধ করতে
ও রেমিট্যান্স আহরণ করতে পারবেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় প্রযুক্তিনির্ভর নতুন এই প্রকল্প বাস্তবায়নের জন্য গতকাল বৃহস্পতিবার সুইডেনভিত্তিক সিএমএ স্মল সিস্টেম এবির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চুক্তি অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক শুভঙ্কর সাহা এবং সিএমএ স্মল সিস্টেম এবির পক্ষে প্রতিষ্ঠানের এমডি এলেক্স নাজারভ সই করেন। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর এমডিরা এ সময় উপস্থিত ছিলেন।
আরটিজিএস বাস্তবায়িত হলে এর মাধ্যমে পাঁচ লাখ টাকার বেশি পরিমাণের অর্থ তাৎক্ষণিকভাবে লেনদেন সম্পন্ন হবে। এ ব্যবস্থায় স্থানীয় মুদ্রার পাশাপাশি দেশের ভেতরে বৈদেশিক মুদ্রার লেনদেনও করা যাবে। বর্তমানে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহককে যেকোনো পরিমাণের অর্থ পরিশোধ করতে পারেন। তবে এ পদ্ধতিতে লেনদেন সম্পন্ন করতে সময় লাগে এক থেকে দুই দিন।
চুক্তি অনুযায়ী ২০১৫ সালের এপ্রিল মাসের মধ্যে আরটিজিএস বাস্তবায়নের কাজ শুরু হবে। আগামী জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলক এটি চালু হবে। আর আনুষ্ঠানিকভাবে এর সুবিধা পাওয়া যাবে ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে।