এক যন্ত্রে চার ব্যাংকের কার্ডের লেনদেন
কেনাকাটার ক্ষেত্রে এখন থেকে বেসরকারি চার ব্যাংকের কার্ডের লেনদেন হবে একটি পয়েন্ট অব সেল বা পস মেশিনে। ব্যাংকগুলো হচ্ছে পূবালী, দি সিটি, ট্রাস্ট ও ডাচ্-বাংলা।
কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের (এনপিএস) আওতায় এ সুবিধা পাওয়া যাবে। গভর্নর আতিউর রহমান গত বুধবার আনুষ্ঠানিকভাবে চার ব্যাংকের একীভূত এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
বর্তমানে দেশের বিভিন্ন দোকানপাট, শপিং মল, রেস্টুরেন্ট ও ল্যাবরেটরির বিল পরিশোধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কাজের ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে গ্রাহকেরা ক্রেডিট ও ডেবিট কার্ডে লেনদেন করেন। এসব লেনদেন সম্পন্ন করতে দোকানপাট, শপিং মল, রেস্টুরেন্টসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আলাদা আলাদা পস মেশিন রাখতে হয়। তাই এবারে এক মেশিনে যাতে চার ব্যাংকের কার্ডে লেনদেন সম্পন্ন করা যায়, সেই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এর ফলে ঝামেলা কমবে।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজি হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী, সিটি ব্যাংকের প্রধান নির্বাহী সোহেল আর কে হুসেইন, ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কে শামসী তাবরেজ প্রমুখ। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় ব্যাংকের ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতির দোকানে আন্তব্যাংক পসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গভর্নর।
অনুষ্ঠানে গভর্নর বলেন, ১০ টাকার হিসাবধারীদের হাতে ডেবিট কার্ড পৌঁছে দিতে পারলে নগদ টাকার পরিবর্তে কৃষকেরাও কার্ড দিয়ে কেনাকাটার সুযোগ পাবেন। তা ছাড়া দেশে বর্তমানে যে আট লাখ স্কুল শিক্ষার্থীর ব্যাংক হিসাব রয়েছে, তাদের হাতেও ডেবিট কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে তারাও এ ধরনের লেনদেনের সুযোগ পায়।