এক যুগ পূর্তিতে ব্যাংক এশিয়ার নতুন সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পূর্তিতে নতুন সেবা চালু করেছে ব্যাংক এশিয়া। সেবাগুলোর মধ্যে ব্যাংক এশিয়া ভার্চুয়াল কার্ড ও এসএমই ক্রেডিট কার্ড এবং ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য স্মার্ট জুনিয়র সেইভার অন্যতম। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ব্যাংক এশিয়ার যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সেবা চালুর ঘোষণা দেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। নতুন সেবা বিষয়ে ব্যাংকের হেড অব কার্ডস এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের সব লেনদেন সহজ করতে চালু হচ্ছে ভার্চুয়াল কার্ড। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দ্রুত ঋণের প্রয়োজন মেটাতে এসএমই ক্রেডিট কার্ড। এ কার্ড একই সঙ্গে দেশে ও বিদেশে ব্যবহার করা যাবে। আর কোনো ধরনের জামানত ছাড়াই ব্যবসায়ীরা ২৫ হাজার থেকে তিন লাখ টাকা ঋণ নিতে পারবে। ব্যাংকের প্রথম সহকারী সহসভাপতি এ কে এম মীজানুর রহমান বলেন, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য স্মার্ট জুনিয়র সেইভার চালু করা হয়েছে। এতে ডিপোজিটর ও ব্যাংকের মুনাফার অনুপাত হবে যথাক্রমে ৭০:৩০। এ ক্ষেত্রে ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিং সেবা ফ্রি দেওয়া হবে।সংবাদ সম্মেলনে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন বলেন, ‘ব্যাংক এশিয়া গত ১২ বছরে একটি পরিবর্তনের মধ্য দিয়ে আজ এই অবস্থায় এসেছে। তাই এটা আমাদের পরিবর্তনের এক যুগ উদ্যাপন।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইর্তেজা রেজা চৌধুরী, আমিনুল ইসলাম, এস এম খোরশেদ আলম, মোহাম্মদ রোশাঙ্গীর প্রমুখ।