এক রুপিতে ট্রানজিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা–ঢাকা–আগরতলা পণ্যবাহী ট্রাকটি গতকাল সকালে বাংলাদেশের আখাউড়া সীমান্ত পারাপারের সময় ছবিটি তুলেছেন আাশরাফুল আলম
কলকাতা–ঢাকা–আগরতলা পণ্যবাহী ট্রাকটি গতকাল সকালে বাংলাদেশের আখাউড়া সীমান্ত পারাপারের সময় ছবিটি তুলেছেন আাশরাফুল আলম

মাত্র এক রুপি প্রতীকী মাশুল দিয়ে ট্রানজিট নিল ভারত। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে একটি পণ্যবাহী ট্রাক সড়কপথে ঢাকা হয়ে ত্রিপুরার আগরতলা গেল। এটি পরীক্ষামূলক চালান। তাই প্রতীকী মাশুল হিসেবে এক রুপি নিয়েছে বাংলাদেশের শুল্ক বিভাগ। এটি শুল্ক নয়, সেবা মাশুল। এখনো ট্রানজিটের মাশুল চূড়ান্ত না হওয়ায় প্রতীকী মাশুল নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পণ্যবাহী ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেছে। গত রোববার সকালে ট্রাকটি কলকাতা ছেড়ে আসে। সেদিনই বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। এরপর গত সোমবার বেনাপোল থেকে ভৈরব আসে। রাত যাপনের পর গতকাল দুপুরে সীমান্ত অতিক্রম করে এ পণ্যের চালানটি।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যান চলাচল চুক্তির আওতায় পরীক্ষামূলক চালান হিসেবে এটি কলকাতা থেকে বাংলাদেশের ভূখণ্ড হয়ে আগরতলায় পাঠানো হলো। এ চালানটি পরিবহন করেছে আন্তর্জাতিক পরিবহন প্রতিষ্ঠান ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং।
মাশুল সম্পর্কে জানতে চাইলে আখাউড়া শুল্ক বিভাগের সহকারী কমিশনার মিহির কিরণ চাকমা প্রথম আলোকে বলেন, দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতার মাধ্যমে পরীক্ষামূলক চালানে এক রুপি মাশুল নেওয়া হয়েছে। এটি শুল্ক বিভাগ যে সেবা দিয়েছে এর বিপরীতে নেওয়া হয়েছে। যেহেতু পণ্যগুলো বাংলাদেশের বাজারে প্রবেশ করেনি, তাই কোনো শুল্ক নেওয়া হয়নি।
এ পরীক্ষামূলক চালানটিতে দুই ধরনের পণ্য ছিল। ট্রানজিটের পণ্য হিসেবে কলকাতা থেকে আগরতলায় গেছে ভোডাফোন কোম্পানির সাত প্যাকেট যন্ত্রাংশ। এ যন্ত্রাংশের মূল্য প্রায় ৩০ লাখ রুপি। এ যন্ত্রাংশের চালান ট্রানজিটের জন্য এক রুপি নেওয়া হয়েছে, যা বেনাপোল স্থলবন্দরে প্রবেশের আগেই দেওয়া হয়েছে।
একই চালানে কলকাতা থেকে বাংলাদেশের বাটা শু কোম্পানির কিছু পণ্য ছিল, যা ভারত থেকে আমদানি করা হয়েছে। এ পণ্যগুলো বেনাপোল স্থলবন্দরে বাটা শু কোম্পানির প্রতিনিধির কাছে তুলে দেওয়া হয়েছে। এ জন্য শুল্ক-কর নেওয়া হয়েছে।
জানা গেছে, সড়কপথে কলকাতা থেকে আসাম ও মেঘালয় হয়ে আগরতলার দূরত্ব ১ হাজার ৫৫৯ কিলোমিটার। পণ্য পরিবহন করতে সময় লাগে মোট আট দিন। কলকাতা-ঢাকা-আগরতলা পথে দূরত্ব মাত্র ৫৬০ কিলোমিটার। এ পথে চালানটি গেছে মাত্র ৫১ ঘণ্টায়। আর দূরত্ব কমেছে প্রায় এক হাজার কিলোমিটার।
সরেজমিন: সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেলা বেলা ১১টা ৫৫ মিনিটে পুলিশ প্রহরায় আখাউড়া স্থলবন্দরে পৌঁছে ডিএইচএলের পণ্যবাহী ট্রাকটি। এরপর শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে বাধে বিপত্তি। ফটোকপি মেশিন না থাকায় শুল্ক বিভাগের কর্মকর্তাদের আনুষঙ্গিক কাগজপত্র ফটোকপি করতে প্রায় ৫ কিলোমিটার দূরে আখাউড়া বাজারে যেতে হয়। ফলে পণ্যবাহী ট্রাকটি প্রায় এক ঘণ্টা সীমান্তের শূন্যরেখার কাছে আটকে থাকে। পরে কাগজপত্রের ফটোকপি এনে শুল্ক সেবার কাজটি শেষ করা হয়। বেলা ১টা ৩২ মিনিটে পণ্যের ট্রাকটি সীমান্ত অতিক্রম করে আগরতলা যায়।
ভারতীয় এ চালানটির সঙ্গে কলকাতা শুল্ক বিভাগের সুপারিনটেনডেন্ট এম আর পায়েনের নেতৃত্বে চার সদস্যদের প্রতিনিধিদল আসে। প্রতিনিধিদলটি বাংলাদেশের সড়কের প্রকৃত অবস্থা সরেজমিনে পরিদর্শন করে।

>* সড়কপথে প্রথম পরীক্ষামূলক চালান গেল আগরতলায়
* কলকাতা-ঢাকা-আগরতলা পথে দূরত্ব কমেছে এক হাজার কিলোমিটার
* ফটোকপি মেশিন না থাকায় আখাউড়া সীমান্তে এক ঘণ্টা পণ্যবাহী ট্রাক আটকা
* ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কের বেহাল দশা
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে সম্পাদিত যান চলাচল চুক্তির আওতায় বাংলাদেশের ওপর দিয়ে পরীক্ষামূলক চালান হিসেবে ভারতের কলকাতা থেকে আগরতলায় পণ্য পাঠানো হয়েছে

এম আর পায়েন প্রথম আলোকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া পর্যন্ত সড়কটি খুবই খারাপ ও বেশ সরু। সড়কটি সংস্কার করা হলে নিয়মিত ট্রানজিট সম্ভব। অন্য সড়কগুলো ভালো। ট্রানজিট হলে কলকাতা থেকে আগরতলার দূরত্ব দুই-তৃতীয়াংশ কমে যাবে।
এদিকে ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশ কার্যালয়ের হেড অব ওশেন ফ্রেইট ফিরোজ জাহাঙ্গীর এ চালানটির সঙ্গে আখাউড়া পর্যন্ত গেছেন। তিনি প্রথম আলোকে জানান, বেনাপোল থেকে আখাউড়া পর্যন্ত তিন ধরনের সমস্যা দেখা গেছে। সমস্যাগুলো হলো গাজীপুরের চন্দ্রা এলাকায় তীব্র যানজট, ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া সড়কের বেহাল দশা এবং ট্রানজিট পরিবহনের কর্মীদের রাতের থাকার জায়গার অভাব। তবে তিনি মনে করেন, এ ট্রানজিট চালু হলে উভয় দেশ উপকৃত হবে। সময় ও ব্যয় সাশ্রয়ী হবে।
বেহাল সড়ক: ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আখাউড়া স্থলবন্দরের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ সড়ক ভাঙাচোরা আর বেশ সরু। ব্রাহ্মণবাড়িয়া শহর পেরিয়ে রামরাইল, রাধিকা হয়ে সুলতানপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক এত ভাঙা যে যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী। সরেজমিনে দেখা গেছে, পণ্যবাহী ও যাত্রীবাহী যান বেশ ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছে। আর সুলতানপুর থেকে আখাউড়া পর্যন্ত সড়কটি কিছুটা ভালো, তবে বেশ সরু। এ সড়কে দুটি পণ্যবাহী ট্রাক পাশাপাশি চলা বেশ কষ্টসাধ্য। এ পথের সাতটি কালভার্ট বেশ সরু ও পুরোনো।
দুই দেশের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, পরে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় পণ্য নেওয়ার উদ্যোগও রয়েছে। ইতিমধ্যে এ বহুমাত্রিক পথে তিনটি পরীক্ষামূলক চালান কলকাতা থেকে আগরতলা গেছে। ভারতের এ পথে পণ্য নেওয়ার আগ্রহ বেশি। এ পথটি নিয়মিত করার বিষয়টি যাচাই-বাছাই করতে একটি যৌথ কমিটি কাজ করছে।
এর আগে ২০১১ সালের পর থেকে এ পর্যন্ত মানবিক কারণে ভারতকে এ বহুমাত্রিক পথটি তিনবার ব্যবহার করার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ। প্রথমবার এ পথ ব্যবহার করে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ গেছে। দ্বিতীয়বার ১০ হাজার টন চাল গেছে। বর্তমানে আরও ২৫ হাজার চালের একাধিক চালান ত্রিপুরায় নিচ্ছে ভারত।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন)