এক লাখ কোটি ছাড়াল নতুন এডিপি
আগামী অর্থবছরের মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয় আরও ১২ হাজার ৬৪৫ কোটি টাকা। সব মিলিয়ে এডিপির আকার দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪৫ কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় গতকাল বৃহস্পতিবার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চলতি অর্থবছরের মূল এডিপি থেকে আগামী অর্থবছরের এডিপির আকার বেড়েছে ১৪ দশমিক ১২ শতাংশ। চলতি অর্থবছরের মূল এডিপির আকার ছিল ৯৭ হাজার কোটি টাকা। পরে অবশ্য সেই এডিপি কাটছাঁট করে ৯১ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। সেই সংশোধিত এডিপির তুলনায় আগামী এডিপি বেড়েছে ২১ দশমিক ৬৪ শতাংশ।
পরিকল্পনা কমিশনের তদারকিতে থাকা মূল এডিপির ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৭০ হাজার ৭০০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ৪০ হাজার কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জনের লক্ষ্যে এই এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আগামী এডিপি পুরোপুরি বাস্তবায়নে আশাবাদ প্রকাশ করেন।
এনইসি সভায় পরিকল্পনা কমিশন ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকার এডিপির প্রস্তাব করে। বিভিন্ন মন্ত্রণালয়ের দাবির পরিপ্রেক্ষিতে আরও দেড় হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়। এখন মন্ত্রণালয়ভিত্তিক এই বাড়তি বরাদ্দ দেওয়া হবে। অন্যদিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ৯ হাজার ৬৪৫ কোটি টাকা প্রস্তাব করা হয়। এ ব্যয় আরও তিন হাজার কোটি টাকা বাড়ানো হয়। মূলত বিদ্যুৎ খাতের বিভিন্ন সরকারি সংস্থা ঋণ নিয়ে যেসব প্রকল্প বাস্তবায়ন করে, সেগুলোর ঋণ পরিশোধে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
আগামী এডিপিতে মোট ১ হাজার ১৪১টি প্রকল্প রয়েছে। এর বাইরে ১ হাজার ৬৮টি প্রকল্প অননুমোদিত ও বরাদ্দহীনভাবে এডিপিতে অন্তর্ভুক্ত রয়েছে। আগামী অর্থবছরজুড়ে এ তালিকা থেকে প্রকল্প পাস করা হবে। এ জন্য এডিপিতে ৫ হাজার ৫৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া আগামী অর্থবছরে ৩৫৪টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মেগা প্রকল্পগুলোর জন্য এডিপিতে বিশাল বরাদ্দ রাখা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে আগামী অর্থবছরে ৬ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ ছাড়া পিপিপিতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ১ হাজার ২০০ কোটি টাকা; কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন সড়ক টানেল নির্মাণের জন্য ৯৫৭ কোটি টাকা; ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পে ৫১৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ বা রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে খরচের জন্য এডিপিতে ১ হাজার ১৯৭ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে।
অন্যবারের মতো এবারও সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) বাস্তবায়নের জন্য ৩২টি প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে; রেলওয়ের জমিতে ঢাকা ও চট্টগ্রামে পাঁচতারকা হোটেল নির্মাণ; চট্টগ্রামে পোশাক অঞ্চল নির্মাণ, পতেঙ্গা টুরিজম প্রকল্প। এ ছাড়া দেশের রেলওয়ের জমিতে হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের কয়েকটি প্রকল্প আছে।