এক লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাখ টন খাদ্যশস্য কিনবে সরকার। এর মধ্যে রয়েছে ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম। এতে ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা।গতকাল মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ খাদ্যশস্য কেনার দুটি দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে কাতার থেকে ২৫ হাজার টন সার আমদানির দর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নূর-উর-রহমান জানান, ৫০ হাজার টন আতপ চাল কিনতে ১৬৯ কোটি ২১ লাখ টাকা ব্যয় হবে। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পেয়েছে সানলাইট ট্রেডিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। দরপত্রে চালের উৎস-দেশ হিসেবে থাইল্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে। টনপ্রতি ব্যয় ৪৭৮ ডলার।আর ৫০ হাজার টন গম কেনা হবে ইমসন্স ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি দেশি প্রতিষ্ঠানের কাছ থেকে। এতে প্রতি টনের দর পড়বে ৩৬৯ দশমিক ১১ ডলার। বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৩০ কোটি ৬৬ লাখ টাকা।কাতার থেকে যে ২৫ হাজার টন সার আমদানি করা হবে, তাতে মোট ব্যয় হবে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪৭৮ ডলার। আমদানি হবে সরকার থেকে সরকার পর্যায়ে।সূত্র জানায়, গতকালের বৈঠকে সার আমদানি একমাত্র আলোচ্য বিষয় থাকলেও পরে চাল ও গমের দর প্রস্তাবকেও আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।