এক লাখ টন গম আমদানির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক লাখ টন গম আমদানি করবে সরকার। খাদ্যের মজুদ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ১৬২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় হবে।গতকাল সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় গম আমদানির দরপত্রের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন।এ ছাড়া সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কুড়িল সংযোগে উড়ালসেতু (ফ্লাইওভার) নির্মাণকাজের দরপত্র প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৬৪ লাখ টাকা।সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. নুরুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।নুরুল করিম জানান, সভায় মোট ১০টি প্রকল্পের দরপত্র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬৭১ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে পাঁচটি প্রস্তাবই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের।পূর্বাচল নতুন শহর প্রকল্পের অনুমোদিত দরপত্র প্রস্তাবগুলোর মধ্যে বিভিন্ন সেক্টরে লেক ও খালের ওপর অ্যাপ্রোচ রোডসহ সেতু নির্মাণে ব্যয় হবে ২৮ কোটি ৮৩ লাখ টাকা। বিভিন্ন সেক্টরে সারফেস ড্রেনসহ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ শিরোনামে রয়েছে তিনটি প্রস্তাব, যার একটিতে ৪৫ কোটি টাকা ব্যয় হবে। বাকি দুটির একটিতে ২৯ কোটি ১৩ লাখ টাকা এবং অন্যটিতে ব্যয় হবে ২৫ কোটি ৫৭ লাখ টাকা। তবে পাঁচ প্রস্তাবের মধ্যে কুড়িল সংযোগে উড়ালসেতু নির্মাণের প্রস্তাবেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় হবে।এ ছাড়া সভায় রাজধানীর মোহাম্মদপুরের ‘এফ’ ব্লকে স্বল্প ও মধ্যম আয়ের লোকদের কাছে ভাড়া খরিদ পদ্ধতিতে বিক্রয়ের জন্য এক হাজার ২০টি ফ্ল্যাট নির্মাণের ৪৪ কোটি এক লাখ টাকার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়। ফ্ল্যাটের আকার হবে এক হাজার ও ৮০০ বর্গফুট।অনুমোদিত অন্য দরপত্র প্রস্তাবের মধ্যে রয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) গণখাতে ক্রয় সংস্কার প্রকল্প-২ অর্থাত্ পিপিআরপি-২ সংশোধিত প্রকল্পের আওতায় ‘ই-সরকার ক্রয়’ পদ্ধতির উন্নয়ন ও বাস্তবায়ন। ৩৪ কোটি ৩০ লাখ টাকার এ প্রস্তাবের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে জিএসএস আমেরিকা ইনফোটেক লিমিটেডকে।সড়ক ও রেলপথ বিভাগের আওতাধীন দুটি দরপত্রের ঠিকাদার নিয়োগের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয় সভায়। প্যাকেজ ডব্লিউডি-১: রাজশাহী-আমানুরা সেকশনের ৩৭ কিলোমিটার (কি.মি.) মেইন লাইন ও ১ দশমিক ৫০ কি.মি. লুপলাইন পুনর্বাসনসহ সেতু, স্টেশন ভবন, প্লাটফর্ম ও অন্যান্য স্থাপনা মেরামত, পুনর্বাসন ও পুনর্নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ। এ প্রস্তাবে ব্যয় হবে ৬৩ কোটি ১৫ লাখ টাকা।প্যাকেজ ডব্লিউডি-২: আমানুরা-চাঁপাইনবাবগঞ্জ সেকশনের ১৩ কি.মি. এবং আমানুরা-রহনপুর সীমান্ত সেকশনের ৩৫ কি.মি. অর্থাত্ ৪৮ কি.মি. মেইন লাইন এবং পাঁচ কি.মি. লুপলাইন পুনর্বাসনসহ সেতু, স্টেশন ভবন, প্লাটফর্ম ও অন্যান্য স্থাপনা মেরামত, পুনর্বাসন, পুনর্নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ। এ প্রস্তাবের আকার ৮৫ কোটি ৭০ লাখ টাকা।নুরুল করিম জানান, যে এক লাখ টন গম আমদানি করা হবে, তার মধ্যে ৬০ হাজার টন আনা হবে চট্টগ্রাম বন্দর দিয়ে। মংলা বন্দর দিয়ে আনা হবে বাকি ৪০ হাজার টন। প্রতি টনে খরচ পড়বে ২৩৩ দশমিক ৩৩ ডলার।