এক লাখ লোকের কর্মসংস্থান হবে ৫০ হাজার পরিবারের পুনর্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার শিল্প মন্ত্রণালয়ের অধীনে ৩৭৯ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে একটি বিসিক শিল্পপার্ক স্থাপন করবে, যেখানে এক লাখ মানুষের প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে।২০১৪ সালের মধ্যে ৪০০ একর জমির ওপর এই পার্ক স্থাপন করা হবে, যেখানে ৮০১টি শিল্প প্লট থাকবে। আর এই পার্কে আমদানি ও রপ্তানিমুখী ৫৭০টি শিল্পকারখানা স্থাপন করা হবে। এতে দেশি-বিদেশি উভয় বিনিয়োগই উৎসাহিত করা হবে।গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই প্রকল্পটিসহ দুই হাজার ৫৪০ কোটি টাকার মোট নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোতে সরকারি তহবিল থেকে ব্যয় হবে দুই হাজার ২০৮ কোটি টাকা। বাকি ৩৩২ কোটি টাকা প্রকল্প সাহায্য।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাস্তবায়নযোগ্য ‘আশ্রয়ণ-২’ প্রকল্প, যার ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে হবে এক হাজার ১৬৯ কোটি টাকা। এই প্রকল্পে ৫০ হাজার ভূমিহীন, গৃহহীন ও দুস্থ পরিবারকে পুনর্বাসনের জন্য ৭০০ আশ্রয়ণ গ্রাম নির্মাণ করা হবে। আইলাবিধ্বস্ত, নদীভাঙন ও উপকূলীয় অঞ্চলের পরিবারকে এই আশ্রয়ণ প্রকল্পে প্রাধান্য দেওয়ার পাশাপাশি উপজাতীয় দুস্থ পরিবারকেও বিশেষ কোটায় পুনর্বাসন করা হবে। আওয়ামী লীগ সরকারের আগের বার ১৯৯৭ সালেও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৪৯ হাজার ৬৪০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছিল। জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ২০ হাজার পরিবারকে পাকা ব্যারাক তৈরি করে দেওয়া হবে। ২৯ হাজার ৪০০ পরিবারের জন্য নির্মাণ করা হবে সিজিআই সিট ব্যারাক। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার আদিবাসীদের জন্য ৫৮০টি বিশেষ ধরনের বাড়ি এবং ২০টি রাখাইন পরিবারের জন্য টংঘর তৈরি করা হবে। এ ছাড়া নির্মাণ করা হবে ৭০০টি কমিউনিটি সেন্টার। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে এ বছরের জুলাই মাস থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পটির উদ্দেশ্য হলো ভূমিহীন, গৃহহীন ও দুস্থ জনসাধারণের জন্য আবাসনসুবিধা, প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ, আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাওয়ার পানি, বিদ্যুৎ ও বৃক্ষরোপণ ইত্যাদির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। খাস, অধিগ্রহণকৃত, দানকৃত ও ক্ষেত্রবিশেষে ক্রয়কৃত জমিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বৈঠক শেষে পরিকল্পনা বিভাগের সচিব হাবিব উল্লাহ মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও বলেন, প্রকল্পটির মাধ্যমে শুধু দুস্থ পরিবারকে আশ্রয় দেওয়া হবে না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। অর্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী,্রশ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। অনুমোদিত অন্য প্রকল্প: একনেকে অনুমোদিত অন্য সাতটি প্রকল্প হচ্ছে: সড়ক ও রেলপথ বিভাগের অধীনে ৯৬ কোটি টাকার নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা সড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্প; স্থানীয় সরকার বিভাগের অধীনে ২৪০ কোটি টাকার ইমার্জেন্সি ডিজাস্টার ড্যামেজ রিহ্যাবিলিটেশন (সেক্টর) প্রজেক্ট-২০০৭ (পার্ট-সিঃ মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচার) (১ম সংশোধিত) প্রকল্প; সড়ক ও রেলপথ বিভাগের অধীনে ৯৯ কোটি টাকার লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়ক পুনর্নির্মাণ প্রকল্প; ৪২ কোটি টাকার গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৬২ কোটি টাকার ১০টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের অধীনে ৩২ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প; এবং ৪২১ কোটি টাকার কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প।