এক লাখ ৩৬ হাজার বাড়িওয়ালা কর দেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এক লাখ ৩৬ হাজার বাড়িওয়ালা সরকারকে কোনো কর দেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. গোলাম হোসেন। সিলেটে গত রোববার এনবিআরের ‘তথ্য ও সেবাকেন্দ্র’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
এনবিআরের চেয়ারম্যান বলেন, সিলেটসহ সারা দেশে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। এ ধরনের বাড়ির সংখ্যা এক লাখ ৩৬ হাজার। কিন্তু ওই সব বাড়িওয়ালা সরকারকে কোনো ট্যাক্স দেন না। তাই কর প্রদানে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
সিলেট নগরের কাজীটুলার শফিকুন্নেছা নূর কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে এনবিআরের তথ্য ও সেবাকেন্দ্রটি। এর মূল লক্ষ্য হচ্ছে, জনগণের মধ্যে আয়করসংক্রান্ত তথ্য সরবরাহ ও সচেতনতা বৃদ্ধি।
সিলেটের কর কমিশনার মাধবচন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআরের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম ও চৌধুরী আমির হোসেন, সিলেট মহানগর পুলিশের কমিশনার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী ও শিক্ষাবিদ কবির চৌধুরী।
গোলাম হোসেন জানান, চলতি ২০১৩-১৪ অর্থবছরে সিলেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮০ কোটি টাকা।