এক লাখ ৬০ হাজার লিটার দুধ সরবরাহ করেছে মিল্ক ভিটা
দেশের বিভিন্ন স্থানে এক লাখ ৬০ হাজার ২০০ লিটার পাস্তুরিত তরল দুধ সরবরাহ করেছে দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটা।
টানা অবরোধে সারা দেশে তরল দুধের সরবরাহ কমে যায়। অবরোধে মিল্ক ভিটার দুধ সংগ্রহ ও বিতরণব্যবস্থা ভেঙে পড়ায় দুগ্ধ উৎপাদনকারী সমবায়ীসহ বিভিন্ন খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারী ও প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার মিল্ক ভিটা কর্তৃপক্ষ তরল দুধ সরবরাহ করেছে।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা মহানগরে এক লাখ ৪১ হাজার, চট্টগ্রামে ১৫ হাজার এবং গাজীপুর ও সাভারে চার হাজার ২০০ লিটার দুধ সরবরাহ করা হয়েছে।
১৮-দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এ দুধ মিল্ক ভিটার শীতাতপনিয়ন্ত্রিত কাভার্ড ভ্যানের মাধ্যমে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, প্রতিকূলতা সত্ত্বেও জনস্বার্থে বাজারে দুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুখাদ্য ও রোগীর পথ্য হিসেবে বিবেচনা করে দুগ্ধ সরবরাহকে অবরোধ-হরতালের আওতামুক্ত রাখতে বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, সরবরাহ বিঘ্নিত হওয়ায় কয়েকদিন ধরে বাজারে মিল্প ভিটার দুধ পাওয়া যাচ্ছিল না।