ঢাকার শেয়ারবাজারে গত সপ্তাহে মিশ্র অবস্থা দেখা গেছে। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রথম দুই দিন বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেলেও পরের তিন দিন চাঙাভাব লক্ষ করা যায়। গত সপ্তাহে সাধারণ সূচক ও বাজার মূলধন বেড়েছে, তবে আর্থিক লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দাম কমেছে।ডিএসই সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে সাধারণ মূল্যসূচক এক দশমিক ৩৪ শতাংশ বা ১১৭ দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে যায়। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৮৭২১ দশমিক শূন্য নয় পয়েন্ট। যা এক সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৮৮৩৮ দশমিক ১০ পয়েন্টে।একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ১০ দশমিক ৩২ শতাংশ কমে প্রতিদিন দুই হাজার ৪৮৭ কোটি টাকা করে হয়েছে। গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১২ হাজার ৪৩৯ কোটি টাকা।সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৬৩ হাজার ৫৪২ কোটি টাকা, যা সপ্তাহ শেষে দশমিক ৮৩ শতাংশ বেড়ে তিন লাখ ৬৬ হাজার ৫৬৭ কোটি টাকায় দাঁড়ায়।এদিকে গত সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএল, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বেক্সিমকো ও উত্তরা ব্যাংক।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—প্যারামাউন্ট ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, মেঘনা কনডেনসড মিল্ক, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, ফু ওয়াং সিরামিক, বিডি ওয়েল্ডিং ইলেকট্রডস, এশিয়া ইনস্যুরেন্স ও রিপাবলিক ইনস্যুরেন্স।সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, মুন্নু স্টাফলারস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্টাইলক্রাফট, জেমিনি সি ফুড, ডেসকো, বিএসসি, ন্যাশনাল টি, মুন্নু সিরামিক ও এএমসিএল (প্রাণ)।