এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেল ও চিনির দাম পুনর্নির্ধারণ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী এক সপ্তাহের মধ্যে চিনি ও ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে চিনি ও ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারওয়ার জাহান তালুকদার, অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনসহ ভোজ্যতেল ও চিনি আমদানিকারক ব্যবসায়ীরা বৈঠকে উপস্থিত ছিলেন।রমজানে সরকারের নির্ধারণ করা দামে ভোজ্যতেল ও চিনি বিক্রি করায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানান সচিব। বাণিজ্যসচিব জানান, নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই গতকালের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী সপ্তাহে এ দুটি পণ্যের দাম পুনর্নির্ধারণ করা হবে। তা করা হবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই। সচিব বলেন, যদি আন্তর্জাতিক বাজারে চিনি ও ভোজ্যতেলের দাম কম থাকে, তাহলে দেশীয় বাজারে কমানো হবে। বাড়লে সে ক্ষেত্রেও বাড়ানো হতে পারে।দাম নির্ধারণের জন্য ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। এ কমিটিকে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব। গোলাম হোসেন বলেন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান বর্তমানে ভারতে অবস্থান করছেন। ফেরার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভোজ্যতেল ও চিনি পরিবেশকদের মাধ্যমে বিক্রি হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন সচিব। তবে তিনি এ-ও বলেন, দীর্ঘদিনের পুরোনো পদ্ধতি হওয়ায় কিছুটা ঘাটতি এখনো রয়ে গেছে। তাই ব্যবসায়ীদের উচিত হবে স্বচ্ছভাবে পরিবেশক নিয়োগ দেওয়া, যাতে সর্বসাধারণ পরিবেশক প্রথার সুবিধা ভোগ করতে পারে। গোলাম হোসেন আরও বলেন, গত রমজানে চিনি ও ভোজ্যতেল সরবরাহে কিছুটা সমস্যা হলেও আগামী ঈদুল আজহায় কোনো সমস্যা হবে না। কারণ বর্তমানে আড়াই লাখ টন চিনি ও দেড় লাখ টন ভোজ্যতেল মজুদ রয়েছে। আগামী দুই মাসে এ দুটি পণ্য আরও আমদানি করা হবে বলে তিনি জানান। প্রসঙ্গত, রোজা শুরুর দেড় সপ্তাহ আগে শেষবারের মতো তেল ও চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় সরকার। এক লিটারের প্রতি বোতল সয়াবিন তেল খুচরা ১০৯ টাকা, পাম তেল ৯৯ টাকা এবং প্রতি কেজি চিনির দাম সর্বোচ্চ ৬৫ টাকা বেঁধে দেওয়া হয়।অবশ্য খুচরা বাজারে এ দুটি পণ্যই বিক্রি হয়েছে নির্ধারিত দামের চেয়ে বেশি।