২০১৪ সালের ডিসেম্বরে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তর নিয়ে শঙ্কা
এক সপ্তাহের মধ্যে সিইটিপি নির্মাণ শুরু করার নির্দেশ

সাভারের চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ এক সপ্তাহের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। সিইটিপির নির্মাণকাজ প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে।
নির্মাতাপ্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএল-জেভি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় প্রতিষ্ঠানটিকে আগেও এক দফায় সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। সে সময় পেরিয়ে যাওয়ায় নতুন করে সময় চেয়েছে প্রতিষ্ঠানটি। এখন কাজ শুরু করতে হলে প্রতিষ্ঠানটিকে আবারও সময় দিতে হবে। তবে কত দিন সময় দেওয়া হবে, তা চূড়ান্ত হয়নি।
চামড়া শিল্পনগর প্রকল্পের সার্বিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর এ নির্দেশনা দেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি হলে দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
বৈঠকে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, পরিবেশ ও বনসচিব শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান (বিসিক) শ্যাম সুন্দর সিকদার, ট্যানারি মালিক ও নির্মাতাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিসিক ও ট্যানারির মালিকদের দুই সংগঠনের মধ্যে গত বছরের ১৩ অক্টোবর একটি সমঝোতা স্মারক সই হয়। সে অনুযায়ী ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তর ও উৎপাদন শুরু করার কথা। সূত্রমতে, সিইটিপি নির্মাণ শেষ করতে এক থেকে সোয়া এক বছর লাগতে পারে। অর্থাৎ ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চের আগে এর নির্মাণ শেষ হচ্ছে না।
সম্প্রতি শিল্পনগর ঘুরে দেখা গেছে, সিইটিপির জন্য নির্ধারিত স্থানে ঠিকাদার শুধু বালুই ফেলেছেন। বর্জ্য পরিশোধনের জন্য চারটি মডিউল তৈরি করার কথা। একটি মডিউল তৈরির জন্য ভিটার আদলে মাটি ফেলে রাখা হয়েছে। সিইটিপি নির্মাণের নিয়োজিত শ্রমিক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্যও কয়েকটি কক্ষ বানানো হয়েছে। পাশেই পড়ে আছে মরচেপড়া বেশ কিছু রড।
নির্মাতাপ্রতিষ্ঠানকে ১৮ মাসে শেষ করার শর্তে ২০১২ সালের ১১ মার্চ সিইটিপি নির্মাণের কার্যাদেশ দেয় শিল্প মন্ত্রণালয়। গত বছরের ১৭ সেপ্টেম্বর মেয়াদ শেষ হলে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হলেও কাজ শেষ হয়নি। তাই সময় বাড়াতে দুই দফায় আবেদন করে প্রতিষ্ঠানটি।
২০১২ সালের জুনে সংশোধিত ডিপিপির মেয়াদ শেষ হওয়ায় ২০১২-১৩ অর্থবছরে কোনো অর্থছাড় হয়নি। প্রকল্পের দ্বিতীয় সংশোধনী ২০১৩ সালের ১৩ আগস্ট অনুমোদন হয় একনেকে। এ সময় পর্যন্ত কাজ পুরোই বন্ধ থাকে।
শিল্পনগর প্রকল্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিল্পমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এক সপ্তাহের মধ্যেই হয়তো ঠিকাদারকে সময় বাড়িয়ে দেওয়া হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, গত বছরের ৩১ অক্টোবরের মধ্যেই ট্যানারির মালিকদের প্লটের বিপরীতে কারখানা লে-আউট পরিকল্পনা জমা দেওয়ার কথা ছিল। এ পর্যন্ত ৮২ জন পরিকল্পনা জমা দিয়েছেন। এর মধ্যে ৩৫টির অনুমোদন দিয়েছে বিসিক।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যারস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি আবু তাহের ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবদুল হাই জানান, আগামী মার্চের মধ্যেই প্লট বরাদ্দ পাওয়া সব ট্যানারির মালিক কারখানার লে-আউট পরিকল্পনা জমা দেবেন।
শিল্পনগর প্রকল্প নিয়ে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ যেমন সময়সীমার ধার ধারছেন না, একই কাজ করছেন ট্যানারির মালিকেরাও। ফলে ২০১৪ সালের ডিসেম্বরে সাভারে ট্যানারি স্থানান্তর ও উৎপাদন শুরু নিয়ে সংশয় রয়েই গেছে।
এ অবস্থায় পরিবেশগত কমপ্লায়েন্স অনুসরণ না করা হলে চলতি বছরের ৩১ ডিসেম্বরের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি বৈঠকে উপস্থিত ট্যানারির মালিকদের স্মরণ করিয়ে দেন পরিবেশমন্ত্রী। সে কারণে সিইটিপি নির্মাণ ও ট্যানারি স্থানান্তর-প্রক্রিয়া একই সঙ্গে চালু রাখার পরামর্শ দেন তিনি।
এ চামড়া শিল্পনগরে ২০৫টি প্লটে ১৫৫টি কারখানা স্থাপন করা হবে। শিল্প মন্ত্রণালয়ের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বিসিক।
সময়সীমা মানছে না কেউ
প্রকল্প কর্তৃপক্ষ
ঠিকাদারি প্রতিষ্ঠান দুই দফায় কাজ শেষ করতে পারেনি। সময় দেওয়া হচ্ছে আবারও সিইটিপি নির্মাণ শেষ করতে এক থেকে সোয়া বছর পর্যন্ত লাগতে পারে
ট্যানারির মালিক
গত বছরের ৩১ অক্টোবর ছিলট্যানারির মালিকদের বরাদ্দ পাওয়া প্লটের বিপরীতে কারখানা লে-আউট পরিকল্পনা জমা দেওয়ার শেষ দিন। কিন্তু জমা দিয়েছেন ৮২ জন