এক হাজার কোটি টাকা মুনাফা জমা দিল বিপিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিদায়ী অর্থবছরে সরকারকে সর্বোচ্চ ১ হাজার কোটি টাকা মুনাফা জমা দিয়েছে। ১৯৭৭ সালের ১ জানুয়ারি বিপিসি গঠনের পর সরকারকে দেওয়া এটি সর্বোচ্চ অঙ্কের মুনাফা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে বিভিন্ন অর্থবছরে বিপিসি মোট ১ হাজার ৭৫৮ কোটি ২৫ লাখ টাকা সরকারের কোষাগারে মুনাফা হিসেবে জমা দিয়েছিল।
বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সরকারের রাজস্ব তহবিলে গত ৩০ জুন ১ হাজার কোটি টাকা মুনাফা জমা দেওয়া হয়। বিপিসি এটাকে সরাসরি মুনাফা না বলে ‘কন্ট্রিবিউশন টু গভর্নমেন্ট ট্রেজারি’ বা সরকারের কোষাগারে অনুদান বলছে। গত ৪০ বছরে বিপিসি থেকে সরকার সর্বোচ্চ অঙ্কের মুনাফা নিয়েছে গত অর্থবছরেই। এর আগে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড ছিল ৪০০ কোটি টাকা। খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৩-৯৪ অর্থবছরে সরকার ওই ৪০০ কোটি টাকা মুনাফা নিয়েছিল। এর আগের অর্থবছরেও (১৯৯২-৯৩) বিপিসি তৃতীয় সর্বোচ্চ অঙ্কের ৩২৫ টাকা মুনাফা জমা দিয়েছিল।
বিপিসির পরিচালক (অর্থ) ও সরকারের অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেব প্রথম আলোকে বলেন, ‘আমরা গত ৩০ জুন সরকারের কোষাগারে ১ হাজার কোটি টাকা জমা দিয়েছি। তবে বিপিসি কী পরিমাণ নিট মুনাফা করেছে সেই চিত্র আমরা এখনো পাইনি। এ বিষয়ে অডিট (নিরীক্ষণ) চলছে। দু-তিন মাস পর বিপিসির আয়-ব্যয়ের সঠিক চিত্র পাওয়া যাবে।
বিপিসির কর্মকর্তারা জানান, ১৯৭৭ সালের ১ জানুয়ারি পেট্রোবাংলা থেকে আলাদা হয় বিপিসি। আলাদা হওয়ার পরই ১৯৭৭-৭৮ অর্থবছরে বিপিসি ২৫ লাখ টাকা মুনাফা জমা দেয় সরকারি কোষাগারে। এর তিন বছর পর ১৯৮০-৮১ অর্থবছরে জমা দেয় তিন কোটি টাকা। এরশাদের শাসনামলে এক টানা ছয়টি অর্থবছর বিপিসি থেকে মুনাফা পায় সরকার। এরপর ১৯৯৮-৯৯ অর্থবছরে বিপিসি ৮০ কোটি টাকা মুনাফা দেয়। পরের টানা ১৬টি অর্থবছরে সরকার বিপিসি থেকে মুনাফা নিতে পারেনি। বরং লোকসান ও ব্যাংকঋণে জর্জরিত হয় বিপিসি।
বিপিসির মহাব্যবস্থাপক (হিসাব) ইউসুফ হোসেন ভুইয়া প্রথম আলোকে জানান, বিশ্ববাজারের জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে বিপিসি অনিরীক্ষিত প্রায় ১২ হাজার ৮০০ কোটি টাকা মুনাফা করেছে। নিরীক্ষণের পর নিট হিসাব পাওয়া যাবে। এর আগে ১৯৯৯-২০০০ থেকে ২০১৩-১৪ অর্থবছরে বিপিসি প্রায় ৫২ হাজার ৩৯৯ কোটি টাকা লোকসান দিয়েছে। তবে লোকসান দিলেও ওই ১৪টি অর্থবছরে সরকারকে শুল্ক-কর দিয়েছে ৪৭ হাজার ৩০০ কোটি টাকা। আর ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে আরও প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা শুল্ক-কর দিয়েছে।
ইউসুফ হোসেন ভুইয়া আরও জানান, ১৯৯৯-২০০০ থেকে টানা ১৪টি অর্থবছরে বিপিসি ১ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি এবং ২৬ হাজার ৩৫০ কোটি ব্যাংকঋণ নিয়েছে। এই ঋণের খড়্গ এখনো বিপিসির মাথায় ঝুলছে।
বিপিসির দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, বিদায়ী তথা গত অর্থবছরে (২০১৫-১৬) বিপিসির মাধ্যমে ৫৩ লাখ ২১ হাজার ৪২৩ মেট্রিক টন জ্বালানি অভ্যন্তরীণ বাজারে বিক্রি হয়েছে। আগের অর্থবছরে (২০১৪-১৫) বিক্রি হয়েছিল ৫২ লাখ ৫৬ হাজার ৭০৮ মেট্রিক টন। অর্থাৎ গত অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় বিপিসির জ্বালানির চাহিদা কমেছে ৬৪ হাজার ৭১৫ মেট্রিক টন। এর মধ্যে পেট্রলের বিক্রি কমেছে ২৯ হাজার ৪৬৯ মেট্রিক টন। আর ফার্নেস তেল বিক্রি কমেছে ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টন।