এক হাজার কোটি টাকার ১১ প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নে পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে এটিসহ মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়। এ জন্য ব্যয় হবে এক হাজার কোটি টাকা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মূসক ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়ন প্রকল্পের আওতায় ৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। কাজ পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক একোরিস ইউকে লিমিটেড।
অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ৬ কোটি চক্র স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি। কাজ পেয়েছে ভারতের দুই কোম্পানি মনীশ ফার্মাসিউটিক্যালস, এইচএলএল লাইফ কেয়ার এবং দেশীয় রেনাটা লিমিটেড।
বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন জরুরি ২০০৭ ঘূর্ণিঝড় পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পের আওতায় বরগুনা ও পিরোজপুর জেলা অংশের কাজ পেয়েছে তমা কনস্ট্রাকশন। এতে ১৩২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় হবে। এ প্রতিষ্ঠান কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথ পুনর্বাসন ও কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের উপকরণ ও শ্রমিক সরবরাহ এবং পরিবহন ব্যয়ের কাজও পেয়েছে। এতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা।
জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় অনুমোদিত ৬ তলাবিশিষ্ট তিনটি পৃথক ডরমিটরি ভবনের প্রস্তাব বাস্তবায়নে ব্যয় হবে ৩৯ কোটি ৪১ লাখ টাকা। এ কাজ পেয়েছে মেরিনা কনস্ট্রাকশন, মার্ক বিল্ডার্স, নূরানী কনস্ট্রাকশন ও রশীদ অ্যান্ড ব্রাদার্স।
সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় গভর্নেন্স ও অবকাঠামো উন্নয়নে ১৮১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে যৌথভাবে জাপানভিত্তিক পাডেকো ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হাই পয়েন্ট রেন্ডেলকে।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় ৫৩ কোটি ২২ লাখ টাকা ব্যয় প্রস্তাবের পরামর্শক নিয়োগ পেয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান এমআইজে।
এদিকে কাশিয়ানী-গোপালগঞ্জ পর্যন্ত ৩২ দশমিক ৩৬৫ কিলোমিটার নতুন বিজি ট্র্যাক মেইন লাইন এবং ৫ কিলোমিটার লুপ লাইন, স্টেশন বিল্ডিং, সেতু নির্মাণসহ আনুষঙ্গিক অন্যান্য কাজের জন্য ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে ম্যাক্স ইন্টারন্যাশনাল। এতে ব্যয় হবে ৬২৯ কোটি টাকা।
পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় বিভিন্ন সেক্টরের লেক উন্নয়নকাজের ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে যৌথভাবে এন জেড কে-ডব্লিউইএল এবং নিয়াজ-নূনা-টিজেকে। এ ক্ষেত্রে দুই লটে ব্যয় হবে ৩৭ কোটি ৯ লাখ টাকা।
এ ছাড়া সভায় দুটি ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদিত হয়। এর একটি হচ্ছে রাজধানীর মিরপুর-২ নম্বর সেক্টরের ‘আই’ ব্লকে সরকারি কর্মকর্তাদের কাছে বিক্রির জন্য ১ হাজার ৩৩৬ বর্গফুট আয়তনের ৩৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় কমিউনিটি কাম অন্যান্য ইউটিলিটি সার্ভিসেস ভবন নির্মাণকাজের ভেরিয়েশন। এতে নতুন করে ৭৬ লাখ টাকা ব্যয় বাড়ছে। ঠিকাদার প্রতিষ্ঠান হচ্ছে কুশলী নির্মাতা লিমিটেড।
অন্যটি হচ্ছে সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক কাজসহ মাদারীপুর দাসার থানা ভবন নির্মাণকাজের ভেরিয়েশন। এতে ব্যয় বাড়ছে ১ কোটি ৪০ লাখ টাকা। ঠিকাদার প্রতিষ্ঠান ফরিদপুরের মেসার্স আবদুস সালাম।
ক্রয় কমিটির বৈঠকের আগে গতকাল অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। এতে সরকার-টু-সরকার পর্যায়ে চীনা রাষ্ট্রায়ত্ত ঠিকাদার চীনা রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পণ্য, ভৌত কাজ ও সেবা কেনার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।