এক হাজার কোটি টাকার মিউচুয়াল ফান্ড বাজারে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার কোটি টাকার একটি মেয়াদী মিউচুয়াল ফান্ড বাজারে আসছে। তহবিলটির নাম ইউসিবিএল অবকাঠামো (ইনফ্রাস্ট্রাকচার) তহবিল। একই সঙ্গে এটি হবে এখন পর্যন্ত মেয়াদি তহবিলের মধ্যে সবচেয়ে বড়।গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় তহবিলটির স্ট্রাস্ট ডিড অনুমোদন দেওয়া হয়। একই সভায় জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অনুমোদন দেওয়া হয়।এসইসি জানিয়েছে, ১০ বছর মেয়াদি ‘ইউসিবিএল অবকাঠামো তহবিল’টির উদ্যোক্তারা জোগান দেবেন ১০০ কোটি টাকা। বাকি ৯০০ কোটি টাকার মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা, প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) কাছ থেকে ৩৪৫ কোটি টাকা, বাজারের অন্যান্য যৌথ তহবিল থেকে ৫৫ কোটি টাকা এবং আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হবে ১৫০ কোটি টাকা। তহবিলটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান আলিফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এ ছাড়া আইপিওর অনুমোদন পাওয়া জিএসপি ফাইন্যান্স কোম্পানিটি দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য ও ১৫ টাকা প্রিমিয়াম মিলিয়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।