এক হাজার বায়োগ্যাস প্ল্যান্টে অর্থায়ন করেছে ট্রাস্ট ব্যাংক
এক হাজার বায়োগ্যাস প্ল্যান্টে অর্থায়ন করেছে প্রতিরক্ষা বাহিনীর ট্রাস্ট ব্যাংক। এ উপলক্ষে রাজধানীর র্যাডিসন হোটেলে গতকাল শনিবার এক অনুষ্ঠানে পরিবেশসম্মত উপায়ে বিনিয়োগের জন্য তিনজনকে ট্রাস্ট ব্যাংক সম্মাননা দেওয়া হয়।ব্যাংকের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পরিবেশসম্মত উপায়ে কৃষিকাজের জন্য মানিকগঞ্জের সালেহা বেগম ও টাঙ্গাইলের সবুর মিয়া এবং পরিবেশসম্মত ক্ষুদ্র বিনিয়োগের জন্য কিশোরগঞ্জের রিয়া চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়।হাছান মাহমুদ বলেন, এখন ৮০ শতাংশ শিল্প-কারখানা পরিবেশসম্মতভাবে চলে। আগের সরকারের আমলে তা ছিল মাত্র ২৭ শতাংশ। পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে গত চার বছরে ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি সরকারের এসব উদ্যোগকে আরও গতিশীল করতে পরিবেশসম্মত বিনিয়োগের জন্য সব ব্যাংককে নির্দেশনা দেওয়া যায় কি না, সে বিষয়ে গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, পুঁজিবাদী অর্থনীতির ধারণা থেকে বিশ্বব্যাপী প্রচুর সম্পদ বেড়েছে। সম্পদ বাড়াতে গিয়ে প্রকৃতির ভালো-মন্দ চিন্তা করা হয়নি। এতে এখন মানবজাতির ভবিষ্যৎ বিপন্ন হতে চলেছে।গভর্নর বলেন, কৃষি খাতে বিনিয়োগ ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কথা মাথায় রেখে পরিবেশসম্মত বিনিয়োগেও এমন কিছু করা যায় কি না, তা দেখা হচ্ছে। পরিবেশবান্ধব ব্যাংকিং ধারণা চালু করতে ২০১১ সালে এ বিষয়ে পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া এই খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিলও চালু আছে।জেনারেল ইকবাল করিম ভূইয়া ট্রাস্ট ব্যাংকের কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বাণিজ্যিক কার্যক্রমেও ব্যাংকটি পরিবেশসম্মত বিনিয়োগে জোর দিচ্ছে। এরই মধ্যে এক হাজারের বেশি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগ করা হয়েছে। সামনের দিনে আরও অন্তত এক লাখ সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হবে।