এক হাতে দুর্নীতি হয় না, দুই হাত লাগে। তবে দুর্নীতি কমার জন্য আরও সময় দিতে হবে। কিছু কিছু উদাহরণ অবশ্য চোখের সামনেই আছে। দুর্নীতি না করার ইচ্ছারও বিষয় আছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের আয়োজন শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান এসব কথা বলেছেন। আইসিসিবির দুজন ভাইস চেয়ারম্যান লতিফুর রহমান ও রোকিয়া আফজাল রহমান, মহাসচিব আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, বিজনেস ফোরাম থেকে কর-ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ করা এবং কঠোরভাবে কর ফাঁকি রোধের সুপারিশ এসেছে বলে জানান মাহবুবুর রহমান। অন্য সুপারিশের মধ্যে রয়েছে আঞ্চলিক সম্পৃক্ততা বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অঞ্চলগুলোতে ডিজিটালাইজেশন এবং ক্ষুদ্র শিল্পের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে আইসিসিবির চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল, সরকারি খাতের দুর্নীতির সঙ্গে বেসরকারি খাত সম্পর্কযুক্ত এবং এসডিজি অর্জনের ক্ষেত্রে দুর্নীতি রোধের চ্যালেঞ্জই না আগে মোকাবিলা করতে হবে।
আইসিসিবির চেয়ারম্যান আরও বলেন, যেখানে নীতির অভাব, সেখানেই সমস্যা। দুর্নীতির উদ্ভব হয় এই সমস্যা থেকেই। অনৈতিক চর্চাকে কোনোভাবেই উৎসাহিত করা যায় না।
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বেসরকারি খাতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন মাহবুবুর রহমান। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও আয়ের পথ তৈরির মাধ্যমে বৈষম্য কমিয়ে আনতেও সহায়ক হবে এই বেসরকারি খাত। তিনি মনে করেন, বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও জ্বালানি নিরাপত্তা—মোটাদাগে এই তিন চ্যালেঞ্জ অতিক্রম করতে পারলেই এসডিজি অর্জন করা সহজ হয়ে যাবে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বেসরকারি খাতকে অতটা গুরুত্ব দেওয়া না হলেও এসডিজি অর্জনের ক্ষেত্রে ঠিকই তা দেওয়া হয়েছে বলে জানান মাহবুবুর রহমান।
জ্বালানি খাত সম্পর্কে আইসিসিবির চেয়ারম্যান বলেন, ‘আগে বলা হয়েছিল যে গ্যাসের ওপর ভাসছি আমরা। কিন্তু এখন গ্যাস দেখছি না। জাতীয় কমিটির কারণে সমস্যা হচ্ছে কি না ধারণা নেই। জাতীয় কমিটি জাতীয় কি না, তা-ও নিশ্চিত নই। দুই থেকে তিনজন লোক নিয়ে যদি জাতীয় কমিটি হয়, তাহলে তো প্রতিদিন জাতীয় কমিটি করা যাবে।’
‘কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, অস্ট্রেলিয়া—এসব দেশ যদি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে পারে, আমরা কেন পারব না—এমন প্রশ্ন রাখেন মাহবুবুর রহমান।
ডিজিটাল বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আইসিসিবির চেয়ারম্যান বলেন, ‘যখন ডিজিটাল বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু হয়েছিল, আমরা বলেছিলাম সম্ভব নয়, সম্ভব নয়। আমরা নিজেরাও বলেছি। টিপে টিপে মোবাইল টিপতাম। এখন কী দেখছি? প্রায় প্রত্যেকেরই ই-মেইল ঠিকানা পর্যন্ত আছে।’
বাংলাদেশের আগে এই ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে অন্য সাতটি দেশে—এ তথ্য জানিয়ে মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ সম্পর্কে অনেকের কোনো ধারণা নেই। এমনকি এশিয়ারও অনেক দেশের নেই। এবারের বিজনেস ফোরামের মাধ্যমে অনেক দেশ ইতিবাচক ধারণা নিয়ে গেছে। এটা হলো বড় লাভ।