একই আয়ের ওপর দুবার কর নয়
হংকং-প্রবাসী বাংলাদেশি নাগরিক তাসাদ্দুক হোসেন ছয় বছর ধরে ওই দেশে তৈরি পোশাকের ব্যবসা করছেন। হংকংয়ের আইন অনুযায়ী তাঁর মোট আয়ের ১৫ শতাংশ আয়কর দিতে হচ্ছে হংকং সরকারকে। আবার বাংলাদেশের আইন অনুযায়ীও তাসাদ্দুক হোসেনের ব্যক্তিগত আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ হারে আয়কর প্রযোজ্য। একই আয়ের ওপর দুই দেশের সরকার দুবার কর দিতে বাধ্য করা মানে ব্যক্তির প্রতি সুবিচার নয়।
তবে তাসাদ্দুক হোসেনদের প্রতি সুবিচারের স্বার্থেই দেশটির সঙ্গে দ্বৈত করারোপণ পরিহার চুক্তির উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে অনেক দেশের সঙ্গে এ ধরনের চুক্তি থাকলেও হংকংয়ের সঙ্গে নেই। যদিও বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অন্যতম ব্যবসাকেন্দ্র হংকং। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীরা শুধু ব্যবসাই করছেন না, চীনসহ আশপাশের দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণ করতে অনেকগুলো লিয়াঁজো কার্যালয়ও স্থাপন করেছেন।
এনবিআর বলছে, দেশটির সঙ্গে চুক্তি হওয়ার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। এ ব্যাপারে আগে কয়েকটি বৈঠকও হয়েছে। আরেকটি বৈঠক ওই দেশেই হতে যাচ্ছে আগামী ৩০ জুলাই থেকে ১ আগস্ট তিন দিনব্যাপী। কাজটিকে এগিয়ে নিয়ে যেতে এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের একটি দল আগামী ঈদের দিন যাচ্ছে হংকং। দলের অন্য সদস্যরা হলেন এনবিআরের সদস্য (আন্তর্জাতিক কর) পারভেজ ইকবাল, প্রথম সচিব খন্দকার খুরশিদ কামাল ও দ্বিতীয় সচিব হাফিজ আল আসাদ।
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের প্রতিকূলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরে হংকংয়ে বাংলাদেশ রপ্তানি করেছে ৩৪ কোটি ৫১ লাখ ১০ হাজার ডলারের পণ্য। দেশটি থেকে একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৬১ কোটি ২০ লাখ ডলারের পণ্য।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘চুক্তি হওয়ার পর তাসাদ্দুক হোসেনের মতো হংকং-প্রবাসী কোনো বাংলাদেশি ব্যবসায়ীকেই আর দুবার আয়কর দিতে হবে না।’
বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩১টি দেশের সঙ্গে দ্বৈত করারোপণ পরিহার চুক্তি রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বর্তমানে এ ধরনের চুক্তি রয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। এশিয়ার অন্য দেশের মধ্যে রয়েছে মিয়ানমার, জাপান, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে।
ইউরোপের মধ্যে চুক্তি রয়েছে যুক্তরাজ্য, সুইডেন, রোমানিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, পোল্যান্ড, তুরস্ক ও সুইজারল্যান্ডের সঙ্গে। এর বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা ও মরিশাসের সঙ্গেও একই ধরনের চুক্তি রয়েছে।
আরও ৩১টি দেশের সঙ্গে দ্বৈত করারোপণ পরিহার চুক্তির ব্যাপারে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। এগুলো হচ্ছে আলজেরিয়া, আজারবাইজান, বাহরাইন, বুলগেরিয়া, চেক রিপাবলিক, মিসর, ইথিওপিয়া, ফিনল্যান্ড, গ্রিস, ইরান, জর্ডান, কিরগিজ রিপাবলিক, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, ওমান, পর্তুগাল, কাতার, ইউক্রেন, সিলিসিস, দক্ষিণ আফ্রিকা ও উজবেকিস্তান।
দ্বৈত করারোপণ পরিহারের চুক্তি একধরনের দ্বিপক্ষীয় চুক্তি। একেকটি চুক্তিতে ২৮ থেকে ৩০টি আর্টিক্যাল থাকে।
উদাহরণ দিয়ে এনবিআরের একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশের একজন ব্যবসায়ী বাংলাদেশে ব্যবসা করছেন, আবার হংকংয়েও করছেন। বাংলাদেশে করা আয়ের ওপর তাঁকে আয়কর দিতে হয়। আবার হংকংয়ে করা আয়ের ওপর হংকং-বাংলাদেশ দুই দেশেই আয়কর দিতে হয়। চুক্তি হলে হংকংয়ে করা আয়ের ওপর বাংলাদেশে আর কর দিতে হবে না।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশি ব্যবসায়ীদের ২০টি লিয়াঁজো কার্যালয় রয়েছে হংকংয়ে। চীন থেকে কাপড়সহ কাঁচামাল আমদানি ও বিভিন্ন দেশে তৈরি পোশাক রপ্তানির ব্যাপারে হংকংয়ে তাঁদের দর-কষাকষি হয়।
হংকংয়ের সঙ্গে চুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, দ্বৈত করারোপণ পরিহার চুক্তির দর্শনটি হচ্ছে একই আয়ের ওপর দুই দেশে দুবার কর না দেওয়া। তিনি বলেন, ‘তবে খেয়াল রাখতে হবে, যেসব দেশের সঙ্গে বাংলাদেশের যাতায়াত ও যোগাযোগ ভালো, সেসব দেশের সঙ্গেই যেন দ্বৈত করারোপণ চুক্তি করা হয়।’