একই দিনে মিউচুয়াল ফান্ডের দুই অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর দর যে হারে বেড়েছে, সে হারেই কমেছে। একই দিনে সর্বোচ্চ হারে মূল্যবৃদ্ধি ও মূল্যহ্রাসের এমন ঘটনা প্রত্যক্ষ করেছে বাজারের বিনিয়োগকারীরা। এটিই ছিল বাজারে গতকালের সবচেয়ে আলোচিত বিষয়। মূলত বিভিন্ন সংবাদমাধ্যমে মিউচুয়াল ফান্ডের বিধিমালা সংশোধনী প্রস্তাবের খবর প্রকাশিত হওয়ার জের ধরে এমনটি ঘটেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। গত মঙ্গলবার বিধিমালার এই সংশোধনী প্রস্তাব জনমত সংগ্রহের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে মিউচুয়াল ফান্ডে বোনাস লভ্যাংশ ঘোষণার বিধান সংযোজন করা হয়েছে। ডিএসইতে এদিন তালিকাভুক্ত ৪১টি মিউচুয়াল ফান্ডের সব কটিরই লেনদেন হয়েছে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সবগুলোর দামই লেনদেনের শুরুতে সর্বোচ্চ সীমা স্পর্শ করে। আইসিবির ছয়টি মিউচুয়াল ফান্ডের ইউনিট সর্বোচ্চ দামেই দিনভর লেনদেন হয়। এ কারণে ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল এসব ফান্ড। কিন্তু বাকি মিউচুয়াল ফান্ডের বেশির ভাগেরই দুপুরের পর দাম কমতে শুরু করে। একপর্যায়ে এগুলোর বেশির ভাগই মূল্যহ্রাসের সর্বনিম্ন সীমা স্পর্শ করে। বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ডিএসইর তথ্য অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই মিউচুয়াল ফান্ডের দর ও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। কসমোপলিটন ফিন্যান্সের বাজার পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসের ব্যবধানে মিউচুয়াল ফান্ডের দাম প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল তালিকাভুক্ত সবগুলো মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২১৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২০ শতাংশ। এদিন ডিএসইর মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার ৪৪ কোটি টাকা। একইভাবে মঙ্গলবার ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৩ শতাংশই ছিল মিউচুয়াল ফান্ডের।ডিএসইতে তালিকাভুক্ত ৪১টি মিউচুয়াল ফান্ডের মধ্যে বুধবার দিন শেষে মূল্যবৃদ্ধির তালিকায় ছিল ১৯টি। কমেছে ১৬টির আর অপরিবর্তিত ছিল ছয়টি শেয়ারের দাম। যদিও লেনদেনের শুরুতে সব কটি মিউচুয়াল ফান্ডেরই দাম বেড়েছিল।বাজারসংশ্লিষ্টরা বলছেন, মিউচুয়াল ফান্ডে বোনাস লভ্যাংশ ঘোষণার সুযোগ রেখে বিধিমালা সংশোধনের উদ্যোগের খবরে দিনের শুরুতেই এ খাতে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। তাই লেনদেনের শুরুতে বিক্রেতার চেয়ে ক্রেতা ছিল বেশি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রির চাপ বাড়তে থাকায় দরও কমতে শুরু করে। এদিকে ডিএসইতে বুধবার মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন। সাধারণ সূচক এদিন প্রায় ৪০ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ৬৬৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭৯টিরই দাম বেড়েছে, কমেছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। আগের দিন সূচক বৃদ্ধিতে ব্যাংকিং খাতের শেয়ারের আধিপত্য থাকলেও এদিন ব্যাংকিং খাতের দরপতন ঘটেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৪২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩২টিরই দাম কমেছে, বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা কম।