গাজীপুরের ভিয়েলাটেক্স লিমিটেড সাততলার অনুমোদন নিয়ে নয়তলা কারখানা করেছে। কারখানার ইউনিট ১-এর ভবনের বিম ও কলামে আছে অনেক ফাটল। নিটিং ও ডাইংয়ের ছাদের কাঠামো মজবুত নয়। এ ছাড়া বের হওয়ার তিনটির মধ্যে দুটি সিঁড়িই নিচতলায় ভবনের ভেতর গিয়ে শেষ হয়েছে।
ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ পরিদর্শন করে এই ত্রুটিগুলো খুঁজে পেয়েছে। পরিদর্শনে ভিয়ালেটেক্সের কারখানা ভবনের কাঠামোগত সাত, অগ্নি ৩৫ ও বৈদ্যুতিক নিরাপত্তাবিষয়ক ৩১টি সমস্যা চিহ্নিত করেন অ্যাকর্ডের প্রকৌশলীরা।
গত ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে ১০টি কারখানা পরিদর্শন করে অ্যাকর্ড। এগুলো হচ্ছে: আলিফ গার্মেন্টস, আনলিমা টেক্সটাইল, বিগ বস করপোরেশন, ড্রাগন সোয়েটার বাংলাদেশ, ফ্যাশন আইসল্যান্ড, গ্রামীণ নিটওয়্যার, মজুমদার ফ্যাশনস, রেড পয়েন্ট জ্যাকেটস, রিও ফ্যাশনওয়্যার অ্যান্ড রিও ডিজাইন ও ভিয়েলাটেক্স। পরিদর্শনের সময় ভবনের অবকাঠামোগত দিক, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নিরাপত্তার জন্য হুমকি, এমন ত্রুটি চিহ্নিত করে প্রতিটি কারখানার জন্য আলাদা তিনটি করে মোট ৩০টি প্রতিবেদন তৈরি করা হয়। এতে প্রতিকার বা সংস্কার করতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে গুরুত্বভেদে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৈরি পোশাক কারখানা পরিদর্শনের প্রথম প্রতিবেদনটি প্রকাশ করে অ্যাকর্ড। এতে স্বাগত বক্তব্য দেন অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ। প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেন প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েন। উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য রায় রমেশ।
১০ কারখানা পরিদর্শন প্রতিবেদনের সারমর্ম বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সব কারখানার ত্রুটিগুলো প্রায় একই রকম। ভবনের কাঠামোগত সমস্যা আছে। সক্ষমতার চেয়ে বেশি ওজনের পণ্য ও যন্ত্রপাতি রাখা হয়েছে। বৈদ্যুতিক তারের সংযোগগুলো নিরাপদ নয়। পর্যাপ্ত ফায়ার অ্যালার্ম নেই। অনেক বহির্গমন সিঁড়ি প্রশস্ত নয়। বহির্গমন দরজায় আছে কেঁচি গেট, যাতে তালা দেওয়া যায়।
রব ওয়েজ বলেন, প্রত্যেকের জন্য নিরাপদ কারখানা দরকার। এটি নিশ্চিত হলে শ্রমিক, মালিক থেকে শুরু করে পুরো দেশই উপকৃত হবে। আর পুরো কার্যক্রমে স্বচ্ছতা আনতে পুরো প্রতিবেদনটি অ্যাকর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার জন্য কাজ করতে আইএলও, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী বিদেশি ক্রেতাদের ওপর চাপ তৈরি করে। এরই ধারাবাহিকতায় ১৩ মে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের ব্র্যান্ড এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল, ইউএনআই গ্লোবাল ও বাংলাদেশ শ্রমিক সংগঠনগুলো একটি চুক্তি করে অ্যাকর্ড গঠন করে। আইএলও অ্যাকর্ডের স্বতন্ত্র সভাপতি হিসেবে কাজ করছে। এখন পর্যন্ত ১৫০টির বেশি ব্র্যান্ড এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
ফাটল আর পণ্যের ভারে জর্জরিত ভবন: সাভারের গ্রামীণ নিটওয়্যার কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় অতিরিক্ত পণ্য মজুত করার কারণে ছাদের বিম দেবে গেছে। যদিও মূল কারখানা ভবনের পূর্ব পাশে একটি গুদামঘর আছে। এটি অনুমোদিত নকশার বাইরে করা হয়েছে।
রাজধানীর রামপুরার ফ্যাশন আইল্যান্ডে কংক্রিটের স্তম্ভগুলো প্রয়োজনের তুলনায় ছোট। নয়তলার বিমের নিচের দিকে ফাটল। এ ছাড়া আরেকটি ভবনের সঙ্গে সংযুক্ত কারখানায় উল্লম্ব ফাটল আছে। একই সঙ্গে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলায় অতিরিক্ত পণ্য বোঝাই করে রাখা আছে।
আবার ধানমন্ডির আলিফ গার্মেন্টসের কারখানার দ্বিতীয় ও পঞ্চম তলার নিচের অংশের বিমে ফাটল। নকশার সঙ্গে কারখানার অবকাঠামোর আছে গরমিল। ভবনের ছাদে ইট, পাথর, সিমেন্ট ইত্যাদি দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা আছে। মালিবাগের ড্রাগন সোয়েটার কারখানার বাইরের অংশে ফাটল আছে। নকশা অনুযায়ী কলাম নেই। শ্রমিকের কাজের জায়গায় বিক্ষিপ্তভাবে পণ্য ও যন্ত্রপাতি রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
অরক্ষিত বহির্গমন সিঁড়ি: সব কারখানার বহির্গমনের সিঁড়ি কাজের এলাকা থেকে আলাদা করা হয়নি। এমনই একটি কারখানা হচ্ছে মজুমদার ফ্যাশনস। কারখানা থেকে বের হওয়ার জন্য তিনটি সিঁড়ি প্রতি তলার কাজের কক্ষ থেকে আলাদা করা হয়নি। উল্টো সিঁড়িগুলো যেখানে শেষ হয়েছে, সেখানে অনেক জ্বালানি মজুত রাখা হয়েছে।
বিগ বস করপোরেশন নামের কারখানার বহির্গমনের পথে কেঁচি গেট আছে। এ ছাড়া কারখানার তিনটি সিঁড়ির মুখেও একই অবস্থা। রিও ফ্যাশনওয়্যার ও রিও ডিজাইন এবং আনলিমা টেক্সটাইল কারখানার প্রধান বহির্গমন সিঁড়ি কাজের এলাকা থেকে পৃথক করা হয়নি। আরেক কারখানা রেড পয়েন্ট জ্যাকেটস জেনারেটরের জ্বালানির এক হাজার ৮০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক ভবন থেকে মাত্র তিন মিটার দূরে রাখা হয়েছে। তবে নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে অ্যাকর্ডের প্রতিবেদনে কারখানাগুলোর এসব ত্রুটি থাকলেও ব্র্যাড লয়েন বলেন, ‘ইতিমধ্যে নির্দেশনা অনুযায়ী কারখানাগুলো কিছু সংস্কার করেছে। উন্নতির পুরো বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। আগামী ছয় মাসের মধ্যে প্রায় এক হাজার ৭০০ কারখানা পরিদর্শন শেষ হবে। পুরো কার্যক্রমটি চলবে পাঁচ বছর।’ অ্যাকর্ডের এই কর্মকর্তা জানান, একসঙ্গে দেশি-বিদেশি প্রকৌশলীদের ৩৮টি দল পরিদর্শনের কাজ করছে। এখন পর্যন্ত ৭৮ কারখানার পরিদর্শন শেষ হয়েছে।