একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমার পরিচালক থাকা যাবে না
বিমা কোম্পানির পরিচালকেরা একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না। আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের যেকোনো একটি বেছে নিতে হবে।হয় তাঁরা বিমা কোম্পানির পরিচালক থাকবেন, আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক পদ থেকে ইস্তফা দেবেন, অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকবেন এবং বিমা কোম্পানি থেকে পদত্যাগ করবেন।দেশের ৩১টি বেসরকারি বিমা কোম্পানির চেয়ারম্যানের উদ্দেশে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনেক পরিচালক রয়ে গেছেন বলে আইডিআরএর পর্যবেক্ষণে এসেছে।চেয়ারম্যানদের উদ্দেশে চিঠিতে বলা হয়েছে, ‘আপনার প্রতিষ্ঠানের যে পরিচালকেরা বিমা আইন লঙ্ঘন করে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যুগপৎভাবে পরিচালক পদে বহাল আছেন, তাঁদের ওই পদ পরিত্যাগ করতে হবে। কারণ, পরিচালকেরা ২০১০ সালের বিমা আইনের ৭৫ ধারা লঙ্ঘন করছেন।’এ বিষয়ক যাবতীয় তথ্য শিগগির আইডিআরএর কাছে পাঠানোর কথাও বলা হয়েছে চিঠিতে।যোগাযোগ করলে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘একই সঙ্গে বিমা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা আইন পরিপন্থী। ২৯ ফেব্রুয়ারির পর থেকে এই ধারা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৫০ ও ১৩৪ ধারায় ব্যবস্থা নেওয়া হবে।’ বিমা আইনের ৫০ ধারায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পরিচালকদের অপসারণ করার ক্ষমতা দেওয়া হয়েছে আইডিআরএকে।১৩৪ ধারা অনুযায়ী, আইন লঙ্ঘনকারীকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে। লঙ্ঘন অব্যাহত থাকলে প্রতিদিনের দেরির জন্য বাড়তি জরিমানা গুনতে হবে পাঁচ হাজার টাকা।যোগাযোগ করলে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, আইনের এ ধারাটি প্রয়োগ খুব মুশকিলের ব্যাপার হবে। কারণ, ব্যাংক আইনে এ রকম কোনো বিধিনিষেধ নেই। আইনটি বরং সংশোধন হওয়া দরকার। বিমা আইন হয়েছে সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই, তখন কথা না বলে এখন প্রশ্ন তোলা কেন—এমন প্রশ্নের জবাবে শেখ কবির হোসেন বলেন, ‘আইন পাস হওয়ার পর আমরা দেখেছি। তখন অবশ্য বিষয়টি আমাদের নজরে আসেনি।’এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমা আইনের এ ধারাটি সংশোধনের জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি সুপারিশ তৈরি করছে। আইডিআরএ সূত্রে জানা গেছে, ৩১টির মধ্যে ২৪টি সাধারণ ও সাতটি জীবনবিমা কোম্পানি। সাধারণ বিমা কোম্পানিগুলো হচ্ছে: এশিয়া ইনস্যুরেন্স, বাংলাদেশ কো-অপারেটিভ ইনস্যুরেন্স, সিটি জেনারেল, ক্রিস্টাল ইনস্যুরেন্স, দেশ জেনারেল, এক্সপ্রেস ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, বাংলাদেশ ইনস্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল, জনতা ইনস্যুরেন্স, নিটল ইনস্যুরেন্স, নর্দার্ন ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, রিপাবলিক ইনস্যুরেন্স, সাউথইস্ট ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, তাকাফুল ইনস্যুরেন্স, ইউনিয়ন ইনস্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর জীবনবিমা কোম্পানির মধ্যে রয়েছে: ফারইস্ট লাইফ, পপুলার লাইফ, সানলাইফ, প্রাইম লাইফ, ডেল্টা লাইফ, মেঘনা লাইফ ও সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ আরও বলেন, ‘৩১টির বাইরে যেসব কোম্পানি রয়েছে, তারা জানিয়েছে যে তাদের কোনো পরিচালক অন্য কোনো ব্যাংক বা আর্থিক পরিচালকের পরিচালক নন। তবে বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।’