একই সময়ে খুলবে, বন্ধ হবে ১৬টি স্থলসীমান্ত
ভারতের সঙ্গে সমন্বয় করে দেশের ১৬টি স্থলবন্দর ও শুল্ক স্টেশন একই সময়ে খুলবে ও বন্ধ হবে। স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বেনাপোল, আখাউড়া, বুড়িমারী, ভোমরা, সোনামসজিদ, হিলি, বিরল, বাংলাবান্ধা, তামাবিল, বিবিরবাজার। একইভাবে ভারতের অংশের স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলো একই সময়ে খুলবে। আর এসব স্থলবন্দর ও শুল্ক স্টেশনে কার পাস ব্যবস্থাও চালু করা হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই দিনব্যাপী শুল্কসংক্রান্ত যৌথ দলের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার বৈঠক শেষ হওয়ার পরই রূপসী বাংলা হোটেলে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) গোলাম হোসেন ও ভারতের রাজস্বসংক্রান্ত সচিব সুমিত বোস যৌথ কার্যপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১ জানুয়ারি থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সপ্তাহের সব দিনই আমদানি ও রপ্তানি করা যাবে। বর্তমানে এই দুটি বন্দর শুক্রবার বন্ধ থাকে। একইভাবে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও ত্রিপুরার আগরতলা স্থলবন্দরও সপ্তাহের সাত দিনই খোলা থাকবে।
এ ছাড়া আগামী নভেম্বর মাস থেকে আখাউড়া-আগরতলা সীমান্তে সমন্বিত চেকপোস্ট (আইসিপি) চালু হবে। আর ২০১৪ সালে বেনাপোল-পেট্রাপোল এবং ২০১৫ সালে তামাবিল-ডাউকি সীমান্তে আইসিপি চালু করা হবে।
সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, ‘মূলত দুই দেশের বাণিজ্য সহজ করাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া দুই দেশের মাঠপর্যায়ের শুল্ক কর্মকতারাই যাতে সমস্যা সমাধান করতে পারেন, সেদিকে বেশি জোর দেওয়া হয়েছে।’
তৈরি পোশাক রপ্তানিকে ভারতের কাউন্টার ভেইলিং ডিউটি প্রত্যাহারের দাবি করেছে বাংলাদেশ। এই প্রসঙ্গে সুমিত বোস বলেন, ‘ভারতীয় পার্লামেন্ট এই শুল্ক আরোপ করেছে। এই ধরনের শুল্ক প্রত্যাহারের বিষয়ে পার্লামেন্টকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে আমরা বাংলাদেশের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।’