
একই সীমানার ভেতরে সুউচ্চ আবাসিক ও বাণিজ্যিক ভবন, খোলা জায়গা এবং নিত্যপ্রয়োজনীয় নাগরিক সুবিধা। সারা বিশ্বে এই আবাসনব্যবস্থা ‘কনডোমিনিয়াম হাউজিং’ নামে পরিচিত। রাজধানীবাসীর সুবিধার জন্য বেশ কিছু আবাসন প্রতিষ্ঠান করছে এ ধরনের হাউজিং প্রকল্প।
ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) শীতকালীন আবাসন মেলায় ঘুরে এমন কয়েকটি প্রকল্প দেখা গেল। গতকাল বুধবার মেলার উদ্বোধনী দিনে দুপুর পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল কম। বিকেল থেকে তা বাড়তে থাকে। ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ক্রেতাদের সুবিধার্থে ফ্ল্যাটের পাশাপাশি এসব প্রকল্পে একই সীমানার ভেতরে স্কুল, কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, মসজিদসহ বিভিন্ন নাগরিক সুবিধা রাখা হচ্ছে। একসঙ্গে অনেক ফ্ল্যাট হওয়ায় এসব প্রকল্পের ফ্ল্যাটগুলো কিছুটা সাশ্রয়ী মূল্যের। মধ্যবিত্তদের সুবিধার কথা বিবেচনা করেই এমন আবাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে তাঁরা জানান।
মিরপুর থেকে মেলায় আসা আকতার হোসেন দেড় হাজার বর্গফুটের মধ্যে ফ্ল্যাট খুঁজছিলেন। তিনি বলেন, ‘মিরপুর এলাকায় তিন কক্ষের ফ্ল্যাট দরকার। আগামী বছর হস্তান্তর করবে এমন রেডি ফ্ল্যাট খুব বেশি কোম্পানির নেই। তাই একই জায়গায় সব ধরনের সুবিধা দিচ্ছে, এমন প্রকল্পগুলোও এখন বিবেচনা করছি।’
নাভানা রিয়েল এস্টেট: নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির চাহিদা ও সামর্থ্যের কথা মাথায় রেখে নাভানা মিরপুরে চারটি কনডোমিনিয়াম প্রকল্প নিয়েছে। মিরপুর-১৫ নম্বর সেকশনে একই সীমানায় নাভানার সিটি ডেল, আরবান ডেল ও স্প্রিং ডেল নামে তিনটি প্রকল্প।
এই তিন প্রকল্পে মোট দেড় হাজার ফ্ল্যাট রয়েছে। প্রকল্পের ভবনগুলো ১৪ তলা। ১ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪৮ বর্গফুট আয়তনের ফ্ল্যাটগুলো তিন কক্ষবিশিষ্ট। মিরপুর-১১ নম্বর সেকশনে অবস্থিত নাভানা প্রবাণী রিজডেলে ফ্ল্যাট আছে ৫০০টি। ১ হাজার ৩৯৩ থেকে ২ হাজার ২৪৬ বর্গফুটের এসব ফ্ল্যাট তিন ও চার কক্ষবিশিষ্ট।
নাভানা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ আকতার হোসেন বলেন, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কথা বিবেচনায় নিয়ে এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে। স্কুল, মার্কেট, কমিউনিটি সেন্টারসহ সব ধরনের নাগরিক সুবিধা রয়েছে এখানে। ফ্ল্যাটের মূল্য পরিশোধে দীর্ঘমেয়াদি কিস্তির সুযোগ রাখা হয়েছে।
বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই): উত্তরার উত্তরখান এলাকায় ছায়াবীথি এবং দিয়াবাড়ি এলাকায় স্বপ্নচূড়া নামে বিটিআইয়ের দুটি কনডোমিনিয়াম তৈরির কাজ চলছে। ছায়াবীথি প্রকল্পে ৯৩৫ বর্গফুট থেকে ১ হাজার ৬৫ বর্গফুটের ১৬৮টি ফ্ল্যাট এবং স্বপ্নচূড়া প্রকল্পে ১ হাজার ৩৬ বর্গফুট, ১ হাজার ২১৩ এবং ১ হাজার ২৪৯ বর্গফুট—এই তিন আয়তনের ৯৭টি ফ্ল্যাট আছে।
বিটিআইয়ের সহকারী ব্যবস্থাপক মো. তানভীর ইসলাম প্রথম আলোকে বলেন, বিটিআই সব শ্রেণির লোকের জন্য ফ্ল্যাট তৈরির চেষ্টা করে থাকে। মেলা উপলক্ষে স্ট্যান্ডার্ড কালেকশনের ফ্ল্যাট কিনলে পাঁচ বছরের কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ দিচ্ছে বিটিআই।
বিটিআই মেলায় রাজধানী ও রাজধানীর বাইরের ৮৫টি প্রকল্প নিয়ে এসেছে। এসব প্রকল্পে ৭০০ থেকে ৬ হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। রাজধানীর প্রকল্পগুলোয় মধ্যবিত্ত ও ছোট পরিবারের জন্য ১ থেকে ২ হাজার বর্গফুটের বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে বিটিআই।
কম্প্রিহেনসিভ হোল্ডিংস অ্যান্ড ডেভেলপমেন্ট: কাজীপাড়া এলাকায় কম্প্রিহেনসিভ হোল্ডিংসের এমনই কনডোমিনিয়াম প্রকল্পের নাম ভিক্টোরিয়াস পার্ক। এখানে দুটি টাওয়ারে মোট ৭২টি ফ্ল্যাট। তিন কক্ষবিশিষ্ট প্রতিটি ফ্ল্যাট ১ হাজার ৩৭০ বর্গফুট আয়তনের। ভবনের মোট জমির ২৭ শতাংশ শিশুদের খেলার জায়গা হিসেবে উন্মুক্ত রাখা হয়েছে।
কম্প্রিহেনসিভ হোল্ডিংসের সহকারী ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, রোকেয়া সরণির কাছাকাছি এই প্রকল্পে খোলা জায়গা রাখা হয়েছে। সকাল-বিকেল হাঁটা ও বাচ্চাদের খেলার জন্য রয়েছে পৃথক জায়গা।
এই প্রকল্প ছাড়াও মেলায় ধানমন্ডি, লালমাটিয়া, মিরপুর, উত্তরা, বসুন্ধরাসহ বিভিন্ন এলাকায় মোট ২৪টি প্রকল্প নিয়ে এসেছে কম্প্রিহেনসিভ হোল্ডিংস। এসব প্রকল্পে ৯০০ থেকে ২ হাজার ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট পাওয়া যাবে।
রাকিন ডেভেলপমেন্ট: ৫০ বিঘা জায়গার ওপরে মিরপুর-১৪ নম্বর পুলিশ স্টাফ কলেজের পেছনে বিজয় রাকিন সিটি। আবাসন ও বাণিজ্যিকের মিশেলে রাকিন ডেভেলপমেন্টের এই প্রকল্প। ১৫ তলা করে ৩৬টি ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা ১ হাজার ৯৫০।
১ হাজার ৫৫৩ ও ১ হাজার ৮৭২ বর্গফুট—এই দুই আয়তনের ফ্ল্যাট আছে রাকিন সিটিতে। প্রতি বর্গফুটের মূল্য ৬ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা। স্কুল ভবন, মসজিদ, মেডিকেল সেন্টার, কমিউনিটি সেন্টার, বিপণিবিতান, ফুডকোর্ট, ব্যায়ামাগার, কার পার্কিং ও হাঁটার জন্য আলাদা জায়গা—সবই থাকছে বিজয় রাকিন সিটিতে।
রাকিন ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ বিক্রয় নির্বাহী তারিকুজ্জামান বলেন, ‘বিজয় রাকিন সিটি প্রকল্পটিতে বেশ সাড়া পাওয়া গেছে। অধিকাংশ ফ্ল্যাট ইতিমধ্যে বিক্রয় হয়ে গেছে। বাকিগুলোও এই মেলায় বিক্রির আশা করছি। ২০১৭ সালের ডিসেম্বরে ফ্ল্যাট হস্তান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’