একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় বাড়ানোর আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা (সিংগেল পার্টি এক্সপোজার) সমন্বয়ের সময়সীমা বাড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব ফান্ড গঠনের বিষয়টি অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) নেতাদের বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।এসইসির মুখপাত্র সাইফুর রহমান বলেন, বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো বাজারের তারল্যসংকট দূর করতে সহায়তা করবে।সাইফুর রহমান বলেন, একক গ্রাহক ঋণসীমার ব্যাপারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এটি সমন্বয়ের সময়সীমা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। তিনি প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইন নিয়ে কাউকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ইদানিং কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে। তাঁরা যাতে একটি নির্দিষ্টসংখ্যক শেয়ার হাতে রাখেন, সে ব্যাপারে বলা হবে।ব্রিফিংয়ে জনতা ক্যাপিটাল ও ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট মূলধনের ১০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগের নিয়ম রয়েছে। এসইসির পক্ষ থেকে ব্যাংকগুলোকে এ নিয়ম অনুসরণ করতে অনুরোধ জানানো হবে।বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মার্চেন্ট ব্যাংকগুলোর তহবিল ঘাটতি রয়েছে। ব্যাংকগুলোর নিজস্ব তহবিল গঠনের ব্যাপারে আমরা এসইসির কাছে আবেদন করেছি। এতে এসইসির কোনো আপত্তি নেই।’ তিনি আরও বলেন, ‘মার্চেন্ট ব্যাংকগুলো বন্ড ইস্যু, ঋণ গ্রহণ ও আইপিওর মাধ্যমে নিজস্ব ফান্ড গঠন করতে পারবে।’বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে উভয় পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।