এককেন্দ্রিক সেবা সেল গঠনের দাবি জানাল রিহ্যাব
আবাসন প্রতিষ্ঠানগুলো প্রায়ই চাঁদাবাজির শিকার হয়। এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। এমন অভিযোগে এককেন্দ্রিক সেবা সেল গঠনের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। মন্ত্রণালয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক এ দাবি জানান রিহ্যাব নেতারা। প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও রিহ্যাবের সমন্বয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এই সেল গঠনের আশ্বাস দেন বলে জানান সংগঠনের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া।
অপর দাবিতে রিহ্যাব নেতারা বলেন, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন- ২০১০-এর ৩৬ ধারা অনুযায়ী সদস্য আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ থাকলে তা রিহ্যাবের কাস্টমার সার্ভিস ও মেডিয়েশন সেলকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। তাই তাঁরা থানায় কোনো অভিযোগ আমলে নেওয়ার আগে রিহ্যাবকে অবহিত করার নির্দেশনা দেওয়ার অনুরোধ করেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে রিহ্যাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।