দেশে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের অন্তরায় হিসেবে একগুচ্ছ সমস্যা চিহ্নিত করা হয়েছে। সেসব সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা এবং তাঁদের নিয়ে গঠিত সংগঠন সেন্টার ফর এনআরবি। মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১৪টি সম্মেলনে এসব সমস্যার কথা তুলে ধরা হয়।
উন্নয়নের জন্য প্রবাসীদের মেধা, বিনিয়োগ ও রেমিট্যান্স শীর্ষক ধারাবাহিক বিশ্ব সম্মেলন ২০১৪ আয়োজন করে সেন্টার ফর এনআরবি। গতকাল আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে গত ৪ মার্চ ঢাকায় এই সম্মেলনের উদ্বোধন করা হয়েছিল।
প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে যেসব দাবি উঠে এসেছে, তার মধ্যে রয়েছে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সেবার মান বৃদ্ধি, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়ন, শেয়ারবাজারের বিনিয়োগ সহজ ও স্বচ্ছ করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সুসমন্বয়, প্রবাসীদের বিনিয়োগ ও সম্পদের নিশ্চয়তা বিধান ইত্যাদি।
এ ছাড়া বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের মেধা কাজে লাগানোর পাশাপাশি প্রবাসী-আয়ের ওপর ভিত্তি করে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
এসব দাবির সঙ্গে একমত পোষণ করেন সমাপনী অনুষ্ঠানের অধিকাংশ আলোচক। তবে দাবি পূরণে স্পষ্ট কোনো ঘোষণা দেননি অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সমস্যা সমাধানে সরকার চেষ্টা করবে—এ রকম গতানুগতিক আশ্বাসই দেন তিনি।
অবশ্য প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের ওপর ভিত্তি করে আর্থিক প্রণোদনার দাবির বিষয়ে গভর্নর আতিউর রহমান স্পষ্ট করে বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব নয়। অর্থ মন্ত্রণালয় চাইলে এটির ব্যবস্থা করতে পারে। তাতে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা দেবে।’
অনুষ্ঠানে দুবাইপ্রবাসী বাংলাদেশি রাসেল আহমেদ বলেন, ‘আমাদের টাকায় সচল অর্থনীতির চাকা। কিন্তু আমাদের কষ্টের কোনো শেষ নাই। দেশে এলে প্রতিনিয়ত বিমানবন্দরে হয়রানির শিকার হতে হয়। দেশে আমাদের সম্পদ বেদখল করেন প্রভাবশালীরা।’
আলোচনায় অংশ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম প্রবাসী বিনিয়োগ প্রসঙ্গে প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে সব সময় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কিন্তু কোন পদ্ধতিতে তাঁরা এ প্রক্রিয়ায় যুক্ত হবেন, তার কোনো দিকনির্দেশনা নেই। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন তিনটি প্রজন্ম তৈরি হয়েছে। আবেগী সম্পর্কের কারণে এদের মধ্য থেকে হয়তো ‘প্রথম প্রজন্মে’র বিনিয়োগ আশা করা যেতে পারে। কিন্তু বাকি দুই প্রজন্ম বিনিয়োগের ক্ষেত্রে বাস্তবভিত্তিক সিদ্ধান্তই নেবে। কারণ, তাঁদের সঙ্গে বাংলাদেশের আবেগী সম্পর্ক নেই।
মোয়াজ্জেম আরও বলেন, প্রবাসী বিনিয়োগ বৃদ্ধি করতে হলে সবার আগে দরকার আস্থার সংকট দূর করা। আর প্রবাসীদের মেধা কাজে লাগাতে হলে তাঁদের একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দূতাবাসগুলোর সেবার মান বৃদ্ধি, প্রবাসীদের বিনিয়োগ ও সম্পদের নিরাপত্তায় কাজ করছে সরকার।’ সেই সঙ্গে রাজনৈতিক মতাদর্শ ভুলে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে প্রবাসীদের কাজ করার আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে রাজনৈতিক কারণে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের স্বার্থেই প্রবাসীদের উচিত ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করা।
সিপিডির গবেষকের আস্থার সংকটের বিষয়টি উল্লেখ করে গভর্নর আতিউর বলেন, দেশের সব ক্ষেত্রে ভরসার পরিবেশ তৈরি করাটা বড় বিষয়। টাকার অভাব বড় নয়, আসল অভাব ভরসার। প্রবাসীর কষ্টার্জিত অর্থ দেশে প্রেরণের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, অনেকে অনেক টাকা নানাভাবে নষ্ট কররছে। অনেকে ঋণখেলাপি হচ্ছে। কিন্তু প্রবাসীরা তাঁদের আয়ের ৮০ শতাংশই দেশে পাঠান।
সেন্টার ফর এনআরবির সভাপতি এম এস শেকিল চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় মার্কিন দূতাবাসের উপ-মিশনপ্রধান ডেভিড মিলি, সাবেক বাণিজ্যসচিব সুহেল আহমেদ চৌধুরী, সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইশতিয়াক আহমেদ চৌধুরী, ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে সম্মেলন আয়োজনে সহায়তার জন্য সেন্টার ফর এনবিআর পক্ষ থেকে সহায়তাকারীদের সম্মাননা জানানো হয়।