একজন শেয়ারহোল্ডার হলেই কোম্পানি খুলতে পারবেন—দেশের নতুন কোম্পানি আইনে এমন বিধান রাখা উচিত। দেশের বিদ্যমান কোম্পানি আইনে এই সুযোগ নেই। কিন্তু বিভিন্ন দেশে একজন শেয়ারধারী হলেই কোম্পানি খোলা যায়।গতকাল সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ) আয়োজিত এক পরামর্শক সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। নতুন কোম্পানি আইনের খসড়া প্রণয়ন নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এমসিসিআইয়ের সহসভাপতি নিহাদ কবির সভায় সভাপতিত্ব করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে বিআইসিএফের পরামর্শক তানজীব উল আলম বলেন, সময়ের সঙ্গে ব্যবসায়ের ধরনেরও পরিবর্তন এসেছে। এসব পরিবর্তনের সঙ্গে সংগতি রেখেই নতুন কোম্পানি আইন প্রণয়ন করতে হবে। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোর্তুজা রেজা চৌধুরী ও যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর কার্যালয়ের নিবন্ধক আহমেদুর রহিম।