একটা ছাড়া অন্য কোনো পণ্যের দাম বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা (পেঁয়াজ) ছাড়া অন্য কোনো পণ্যের দাম বাড়েনি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণটাও সবাইকে উপলব্ধি করতে বলেন তিনি।

সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ জানান, পেঁয়াজের বার্ষিক চাহিদা ২২ লাখ টনের মধ্যে ঘাটতি ৪ লাখ টন। ঘাটতি মেটাতে হয় মূলত ভারত থেকে আমদানি করে। ভারতেই বন্যার কারণে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে। আমদানিকারকেরা এখন মিসর থেকে পেঁয়াজ আমদানি করছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।

পেঁয়াজ আমদানিকারক মো. মাজেদ বলেন, ভারতীয় এক কেজি পেঁয়াজ আমদানির খরচ পড়ছে ৪৮ থেকে ৫০ টাকা। তবে মিসরি পেঁয়াজের দাম পড়বে ৩৬ টাকার মতো।

রাজধানীর শ্যামবাজারের আড়তদার হাফিজুর রহমানের দাবি, চট্টগ্রাম বন্দর থেকে যাতে অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্য খালাসের ব্যবস্থা করা হয়।

বাণিজ্যমন্ত্রী সভায় বসেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালকে ফোন দেন। বাণিজ্যমন্ত্রী বন্দর চেয়ারম্যানকে বলেন, ‘ব্যবসায়ীদের সামনে থেকে ফোন দিলাম। পেঁয়াজের দাম বেড়ে গেছে। তাঁরা বলছেন, বন্দরে এসে পণ্য আটকে থাকে, খালাস হয় না। পেঁয়াজসহ সব নিত্যপণ্য দ্রুত খালাস করা যায় না?’

লাউড স্পিকার চালু থাকলেও বন্দর চেয়ারম্যানের সব কথা বোঝা যায়নি। বাণিজ্যমন্ত্রী অবশ্য সবার উদ্দেশে বলেন, ‘বন্দরের কোনো সমস্যা হলে দেখব। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। জাহাজ থেকে নিত্যপণ্যই আগে খালাস হবে।’

নিত্যপণ্য বন্দরে আসার পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালাসের বিষয়ে বন্দর চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানান, চিনি পাইকারিতে প্রতি কেজি ৪৯ টাকা ৮৫ পয়সা দরে বিক্রি হলেও খুচরাতে প্যাকেট ৭০ টাকা ও খোলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ভোজ্যতেল ও চিনি ব্যবসায়ী আবুল হাসেম বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ডাক্তাররা বলছেন, এসব ভোজ্যতেল খেয়ে মানুষের গ্যাস্ট্রিক হচ্ছে।

জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রজীবনে ঠিকমতো খাওয়াদাওয়া করতাম না বলে গ্যাস্ট্রিক হতো। ভোজ্যতেলের সঙ্গে গ্যাস্ট্রিকের কোনো সম্পর্ক নেই।’

ঢাকার কারওয়ান বাজার বা মোহাম্মদপুর বাজারে একেক পণ্যের একেক দাম থাকলেও গ্রামে এসব নেই বলে মনে করেন তোফায়েল আহমেদ বলেন, ‘এটা তো সত্য, একটা ছাড়া অন্য কোনো পণ্যের দাম বাড়েনি।’

গতকালের বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উপস্থাপিত তথ্য অনুযায়ী এক বছরে মোটা চাল ৩৭ দশমিক ৫, সয়াবিন তেল ১৫, পেঁয়াজ ৫৪ দশমিক ৫৫ এবং আদা ২৯ দশমিক ৪১ শতাংশ বেড়েছে।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘আপনারা তো শুনেছেন, চিনি কম দামে বিক্রি হচ্ছে। আর ভোজ্যতেলও কখনো কম, কখনো সমান দামে বিক্রি হচ্ছে।’

প্রতিবছর ঈদের আগে চিনিকল নষ্ট হয়ে যায়। এ সুযোগে চিনির দাম বেড়ে যায়। আগামী ঈদের আগেও কি চিনিকল নষ্ট হবে—মোস্তফা কামালকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তা হবে না। আসলে বছরে কয়েকবার কারখানা মেরামত (রিপেয়ার) করতে হয়। ঈদের আগে মেরামতের বিষয়টা ইচ্ছে করে হয়নি।’

তখন বাণিজ্যমন্ত্রী যোগ করেন, ‘এটা দৈবক্রমে (কো-ইনসিডেন্টলি) হয়েছে।’