একটি আইপিও এবং একটি রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর ফলে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শেষে কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হবে। এ ছাড়া কমিশনের একই সভায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ারও অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএসইসি জানিয়েছে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি আইপিওতে এক কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। কোনো রকম অধিমূল্য বা প্রিমিয়াম ছাড়া ১০ টাকা অভিহিত মূল্যে (ফেসভ্যালু) এই শেয়ার ইস্যু করা হবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি ঋণ পরিশোধ ও আইপিওর খরচ মেটাবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০১২ সালের জুন মাসে আর্থিক বছর শেষে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ২১ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য দেখানো হয়েছে ১১ টাকা ২৮ পয়সা।বিএসইসি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানিটিকে দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি তিন কোটি ৪৩ লাখ ২০ হাজার শেয়ার ছেড়ে ৩৪ কোটি ৩২ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা ফেসভ্যালু বা অভিহিত মূল্যে প্রতিটি রাইট শেয়ার ইস্যু করা হবে। সংগৃহীত অর্থে কোম্পানিটির মূলধন শক্তিশালী করা হবে। সেই সঙ্গে উচ্চ সুদে ধার করা অর্থ পরিশোধে রাইট শেয়ারের টাকা ব্যয় করা হবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারস।