একটি নতুন বিশ্ব নির্মাণে উদ্বুদ্ধ করলেন ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অক্সফোর্ডের তরুণদের একটি নতুন বিশ্ব কল্পনা ও তা নির্মাণ করতে উদ্বুদ্ধ করলেন। নোবেল লরিয়েট ড. ইউনূস গত ২৯ এপ্রিল অক্সফোর্ডে ‘বিশ্বের পুনর্গঠনে অর্থনীতির পুনর্গঠন’-বিষয়ক সম্মানজনক ‘লেডি মার্গারেট হল ডেনেকে লেকচার’ প্রদান করেন।
লেডি মার্গারেট হল কলেজ ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হয় যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নারীদের জন্য উন্মুক্ত ছিল না। এই কলেজ প্রথমবারের মতো অক্সফোর্ডে নারীদের অধ্যয়নের সুযোগ করে দেয়। এক শ বছর পর এই কলেজে পুরুষ ছাত্রদেরও ভর্তির সুযোগ দেওয়া হয়। টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা এবং বৃত্তি ও জ্ঞানের বিখ্যাত পৃষ্ঠপোষক লেডি মার্গারেট বোফর্টের সম্মানে লেডি মার্গারেট হল কলেজের নামকরণ করা হয়।
লেডি মার্গারেট হল কর্তৃক চালু প্রথম ডেনেকে লেকচার প্রদান করেন জগদ্বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। বিশ্বখ্যাত চিন্তবিদদের এই লেকচার প্রদানে আমন্ত্রণ জানানোর ঐতিহ্য লেডি মার্গারেট হল এখনো চালু রেখেছে।
বক্তৃতায় প্রফেসর ইউনূস কল্পনার শক্তি নিয়ে কথা বলেন। তিনি তরুণদের তাঁদের চিন্তায় সব প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নিয়মকানুন উপেক্ষা করতে বলেন। তাঁদের কল্পনায় একটি নতুন বিশ্ব তৈরি করা হয়ে গেলে তাঁরা তা বাস্তবায়ন করতে তাঁদের জীবন উৎসর্গ করবেন। এ যুগে জন্ম নিয়ে এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়ে তাঁরা পৃথিবীর প্রাধিকারপ্রাপ্ত তরুণ-তরুণীদের মধ্যে পড়েন। তাঁদের এই প্রাধিকার তখনই যথার্থ হবে যখন তাঁরা যে নতুন বিশ্ব তৈরি করতে চাচ্ছেন, তা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন।
একই সফরে মুহাম্মদ ইউনূস ‘অক্সফোর্ড গিল্ড’-এর ১৫০তম বার্ষিকী অনুষ্ঠানে মূল বক্তব্য দেন। অক্সফোর্ড গিল্ড অক্সফোর্ডের ছাত্রদের সবচেয়ে পুরোনো সংগঠন।-বিজ্ঞপ্তি