একটি বাড়ি একটি খামার প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের প্রতিটি পরিবারকে অর্থনৈতিক কেন্দ্রবিন্দু গড়ে তোলার জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ কমানো হয়েছে। তবে প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়েছে। সংশোধিত এই প্রকল্পের ব্যয় এখন বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৯৩ কোটি টাকায়। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি সংশোধন করে অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। এ ছাড়া এ বৈঠকে চার হাজার ১০৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।শেরেবাংলানগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে একনেকের বিকল্প চেয়ারপারসন ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মূল ব্যয় ছিল এক হাজার ১৯৬ কোটি টাকা। আর মেয়াদকাল ছিল ২০০৯ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত। তবে সংশোধিত প্রকল্পে ব্যয় ২৯৭ কোটি টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে মেয়াদকাল পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করা হয়েছে। সংশোধিত প্রকল্পের জন্য ব্যয় পাঁচ হাজার ৯২৫ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব থাকলেও অর্থ-সংকটের কারণে তা করা সম্ভব হয়নি বলে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান।জানা গেছে, সংশোধিত প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিকভাবে সারা দেশের এক হাজার ৯৩২টি ইউনিয়নের ১৭ হাজার ৩৮৮টি গ্রামের প্রতিটি বাড়িকে এই সুবিধার আওতায় আনা হবে। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের প্রথমে ম ৎ স্য চাষ, হাঁস-মুরগি পালন ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে প্রশিক্ষণপ্রাপ্তদের বিনিয়োগের জন্য কিছু অর্থ দেওয়া হবে। এ ছাড়া উ ৎ পাদিত পণ্যের বাজারজাতকরণও নিশ্চিত করবে সরকার। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন প্রতিটি গ্রামের সুবিধাভোগীদের চিহ্নিত করবে। এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সুবিধাভোগী চিহ্নিত করা হলেও স্বজনপ্রীতি ও দুর্নীতি হবে না। পুরো বিষয়টি নজরদারিতে রাখা হবে।গতকালের একনেক বৈঠকে চার হাজার ১০৭ কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে তিন হাজার ৫৯৫ কোটি টাকা আর প্রকল্প-সহায়তা পাওয়া যাবে ৫১২ কোটি টাকা। অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো: ৩৪৩ কোটি টাকার স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান, ১৮৫ কোটি টাকার ইলেকশন রিসোর্স সেন্টার নির্মাণ, ১২৩ কোটি টাকার গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলায় ম ৎ স্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন, ১০৭ কোটি টাকার বরগুনা-বেতাগী-নিয়ামতি-বাকেরগঞ্জ এবং আমতলী-তালতলী-সোনাকাটা সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, ৯৯ কোটি টাকার উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (দ্বিতীয় পর্যায়), ১৩৫ কোটি টাকার ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন সংক্রান্ত শাসনব্যবস্থা শক্তিশালীকরণ, ২৬২ কোটি টাকার কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (প্রথম পর্যায়), ৫০৫ কোটি টাকার পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন দ্বিতীয় পর্যায়, ৪৪৭ কোটি টাকার সিলেট বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন, ৪৬ কোটি টাকার জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক উন্নয়ন, ১১৭ কোটি টাকার বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহাবাজপুর সেকশন পুনর্বাসন, ৭৬ কোটি টাকার ইটনা-বড়ইবাড়ী-চামড়াঘাট সড়ক উন্নয়ন এবং ১৬৯ কোটি টাকার এইচওয়াইভি জুট অ্যান্ড জুট সিড প্রডাকশন অ্যান্ড ইম্প্রুভড জুট রেটিং প্রকল্প।