গ্রাহককে না জানিয়ে জোর করে শেয়ার বিক্রির (ফোর্সড সেল) প্রতিবাদে গতকাল রোববার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের চট্টগ্রামের আগ্রাবাদ শাখার লেনদেন আড়াই ঘণ্টা বন্ধ করে রাখেন একদল বিনিয়োগকারী। জানা গেছে, দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ ছিল। এ সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিক্রি করে দেওয়া শেয়ার পুনরায় তাঁদের বিও হিসাবে (বেনিফিশিয়ারি ওনার্স) কিনে দেওয়ার দাবি জানান। ব্র্যাক ইপিএলের আগ্রাবদ শাখার প্রায় ২০ জন বিনিয়োগকারী তাঁদের বিও হিসাব থেকে জোর করে শেয়ার বিক্রির অভিযোগ করেন। অভিযোগ স্বীকার করে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে ঢাকায় বৈঠক হয়েছে।’ এদিকে গতকাল দুপুরে ব্র্যাক ইপিএলের আগ্রাবাদ শাখায় গিয়ে দেখা যায়, ক্ষুব্ধ বিনিয়োগকারীরা লেনদেন বন্ধের দাবি জানাচ্ছেন। এ সময় ইফতিয়াজ সাঈদ সরদার নামের বিক্ষুব্ধ এক বিনিয়োগকারী বলেন, ‘আমাকে না জানিয়ে আমার ছয় লাখ টাকার শেয়ার মাত্র দুই লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। অথচ আমি নিয়মিতভাবে ঋণের কিস্তি পরিশোধ করে আসছি।’