একটি ভালো সপ্তাহ কাটাল পুঁজিবাজার
দুই স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসেও সাধারণ সূচক ও লেনদেন বেড়েছে। এ সপ্তাহের সব কদিনই পুঁজিবাজারে সূচক বেড়েছে। বলা যায়, পুঁজিবাজারে একটি ভালো সপ্তাহ কেটেছে।বিভিন্ন ব্রোকারেজ হাউস সূত্রে জানা গেছে, গত কয়েক দিন পুঁজিবাজারে লেনদেন ভালো হওয়ায় বিনিয়োগকারীরা আবার বাজারে আসতে শুরু করেছেন। যাঁরা বাজার থেকে বের হয়ে গিয়েছিলেন, তাঁরা আবারও বাজারে আসছেন। এর ফলে আজও লেনদেনের অবস্থা বেশ ভালো ছিল।আজ শুরু থেকেই বাজার চাঙা থাকায় বেলা দুইটার দিকে প্রায় ৭০টি প্রতিষ্ঠান বিক্রেতাশূন্য হয়ে পড়ে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ লেনদেনের ১৫ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৬০ পয়েন্টের বেশি বেড়ে যায়। এরপর সূচক কিছুটা কমলেও পৌনে ১২টার পর থেকে সূচক আবার বাড়তে থাকে। দিন শেষে সূচক ৩২২.৬৪ পয়েন্ট বা ৫.১১ শতাংশ বেড়ে ৬৬৩৯.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে সূচক বেড়েছে এক হাজার ২১১ পয়েন্ট।আজ ডিএসইতে মোট ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৪৪টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ এক হাজার ৪৯২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৪৯ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, ওয়ান ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সটেক্স, ম্যাকসন স্পিনিং, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, তিতাস গ্যাস, ইউনিয়ন ক্যাপিটাল ও গ্রামীণফোন।অন্যদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৭৯.৮৯ পয়েন্ট বা ৪.৯৪ পয়েন্ট বেড়ে ১৮,৬৯৭.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে ২০২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৯৭টির, কমেছে চারটির এবং অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ১৭৬ কোটি লেনদেন হয়েছে।