একটি ভয়ংকর সময় পার করছি: রেহমান সোবহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার লা মেরিডিয়ান হোটেলে গতকাল দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেন আয়োজক সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান l ছবি: প্রথম আলো
ঢাকার লা মেরিডিয়ান হোটেলে গতকাল দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেন আয়োজক সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান l ছবি: প্রথম আলো

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, ‘আমরা একটি ভয়ংকর সময় পার করছি। যদি সমাজে বিরাজমান অন্যায্যতা সংশোধন করতে না পারি, তবে আরও ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়ব। এ অন্যায্যতা সমাজকে বিভক্ত করে ফেলছে।’
গতকাল রোববার দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় দিনে সামাজিক অন্যায্যতা বিষয়ে অধিবেশনে মূল প্রবন্ধে তিনি এসব কথা বলেন। তিনি এ অঞ্চলে শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক অন্যায্যতা দূর করার তাগিদ দেন।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন গতকাল বিকালে শেষ হয়েছে। বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সম্মেলনের আয়োজন করেছে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশের অর্থনৈতিক অন্যায্যতার উদাহরণ টেনে রেহমান সোবহান বলেন, তৈরি পোশাক রপ্তানি খাতে প্রায় ৪০ লাখ তরুণী মাসে ৫০ ডলার মজুরির বিনিময়ে কাজ করেন। এ স্বল্প মজুরিই ওই কারখানামালিককে বিশ্ব রপ্তানিবাজারে প্রতিযোগীসক্ষম করে তুলেছে। আবার কিছু লোককে (উদ্যোক্তা) পশ্চিমা বিশ্বের জীবনধারার আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ করে। কিন্তু বিপুলসংখ্যক কর্মীকে কম মজুরি দিয়ে উন্নয়ন টেকসই হবে না।
সামাজিক অন্যায্যতা সম্পর্কে রেহমান সোবহানের মত হলো, এ অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষাখাতে বৈষম্য রয়েছে। যাঁদের টাকা আছে, তাঁরা মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা পান। যাঁদের টাকা নেই, তাঁরা উন্নত মানের সেবা থেকে বঞ্চিত হন। দক্ষিণ এশিয়ায় চারটি কাঠামোগত সমস্যার কারণে সামাজিক অন্যায্যতা সৃষ্টি হয় বলে মনে করেন তিনি। এগুলো হলো উৎপাদনমুখী সম্পদের বণ্টনে অন্যায্যতা, বাজারে অংশগ্রহণের অসমতা, বৈষম্যমূলক মানব উন্নয়ন এবং অন্যায্য শাসনব্যবস্থা (আনজাস্ট গভর্নেন্স)।
রেহমান সোবহানের মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচকেরা বক্তব্য দেন। এ অধিবেশনে সভাপতিত্ব করেন ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজের মহাপরিচালক শচীন চতুর্বেদী।
জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের পরিচালক সেলিম জাহান বলেন, সব মানুষের যদি সম-অধিকার থাকে, তবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বের মানুষের অভিন্ন ভাষা হয়ে গেছে সহিংসতা। দক্ষিণ এশিয়াও এর ব্যতিক্রম নয়। মূলত সামাজিক বৈষম্য থেকে সৃষ্টি হওয়া আত্মপরিচয়ের জন্যই সহিংসতার জন্ম হচ্ছে।
যুক্তরাজ্যের উলস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস আর ওসমানী জানান, গবেষণা দেখা গেছে, উন্নয়ন বিরাজমান এমন ৯০টি দেশের মধ্যে ১১টি দেশে ধনী-গরিবের বৈষম্য আরও প্রকট হয়েছে। এসব দেশের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিনটি দেশ আছে।
জার্মানির ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক ক্রিশ্চিয়ান ওয়েগার মনে করেন, নিরাপত্তা ও আইনকানুনের কারণে দক্ষিণ এশিয়ার মানবাধিকারকে বাধাগ্রস্ত করে, যা জবাবদিহি ও সুশাসনের ওপর প্রভাব ফেলে।
এর আগে দুটি অধিবেশনে জ্বালানিসংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, দক্ষিণ এশিয়ায় বৃহত্তর জনগণের কল্যাণের কথা চিন্তা করে রাষ্ট্রগুলোর উচিত পানি ও সীমান্ত সমস্যা দূর করে বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা। এতে বিদ্যুতের আঞ্চলিক গ্রিড স্থাপন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার জন্য একক কোনো বড় প্রকল্পও নেওয়া সম্ভব হবে।