চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমারের সীমান্ত গুনদুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ হবে
একটি রেলপথ ১২৫ বছর

রেলপথটি তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল সোয়া শ বছর আগে। ১৮৯০ সালে ব্রিটিশ আমলে প্রথম পরিকল্পনা করা হয়। শত বছর পার হলেও এ রেলপথ নির্মাণের মূল কাজই শুরু করা যায়নি। চট্টগ্রাম থেকে মিয়ানমারের আকিয়াব বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের স্বপ্নও পূরণ হয়নি।
পরিকল্পনা করেও গত সোয়া শ বছরে কয়েক দফা ব্যর্থ হওয়ার পর বর্তমান সরকার আবারও মিয়ানমারের সঙ্গে রেলপথে যোগাযোগের উদ্যোগ নিয়েছে। এ জন্য চট্টগ্রামের দোহাজারী থেকে মিয়ানমার সীমান্ত গুনদুম পর্যন্ত প্রায় ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য ২০১০ সালে প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের খরচ ধরা হয় ১ হাজার ৮৫২ কোটি টাকা ও মেয়াদ তিন বছর। কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলেও জমি অধিগ্রহণসহ মূল কাজ করা সম্ভব হয়নি।
নতুন প্রকল্পের কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, সোয়া শ বছর আগে এ রেল যোগাযোগের বিষয়ে প্রথম আগ্রহ প্রকাশ করেছিল তৎকালীন ব্রিটিশ কলোনি মিয়ানমার। ১৮৯০ সালে মিয়ানমার রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে রামু ও কক্সবাজার হয়ে রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা চালানোর উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে ১৯০৮-০৯ সালে মিয়ানমার রেলওয়ে সমীক্ষাও চালায়। এরপর ১৯১৭ থেকে ১৯১৯ সাল পর্যন্ত চট্টগ্রাম-দোহাজারী-রামু হয়ে আকিয়াব পর্যন্ত আবারও সমীক্ষা চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের কাজও শুরু হয়। তখন চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৫০ কিলোমিটারের মতো রেলপথ নির্মাণ করা হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাকি রেলপথ নির্মাণ করা সম্ভব হয়নি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত, পাকিস্তান ও মিয়ানমার তিনটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বাধীনতা লাভ করে। কিন্তু রেলপথ আর হয়নি। এরপর ১৯৫৮ সালে আইয়ুব খান সরকার একবার উদ্যোগ নিলেও সফল হয়নি।
জাপান রেলওয়ে টেকনিক্যাল সার্ভিস (জেআরটিএস) ১৯৭১ সালে এ পথে ট্রাফিক সম্ভাবনা সমীক্ষা করার উদ্যোগ নেয়। কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তা আর সম্ভব হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আবার পাদপ্রদীপের আলোয় আসে এ প্রকল্পটি। সরকারের অনুরোধে ১৯৭৬-৭৭ সালে আবার সমীক্ষা করে জেআরটিএস। পরে ১৯৯২ সালে এসকাপ কমিশন অধিবেশনে তিনটি ইউরো-এশিয়া রেল নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয়। এর একটি রুট বাংলাদেশ হয়ে মিয়ানমার যাওয়ার কথা। তারপর অনেক দিন এ নিয়ে আর কথা হয়নি। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে আবারও এ রেলপথটি নির্মাণের উদ্যোগ নেয়।
এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, সোয়া শ বছর আগেই এ রেলপথ করার কথা ছিল। এতে বোঝা যায়, তখনো এর অর্থনৈতিক গুরুত্ব ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, এখন যেহেতু ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়েছে। ভবিষ্যতে মিয়ানমারের আকিয়াব হয়ে তা চীন পর্যন্ত বিস্তৃত হবে। তাই গুরুত্ব বুঝে নতুন করে প্রকল্পটি নেওয়া হয়েছে।
প্রকল্পের অবস্থা: ২০১০ সালে ১ হাজার ৮৫২ কোটি টাকা ব্যয়ে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ধরা হয়। কিন্তু এ মেয়াদে মাত্র ১০ কোটি ২৯ লাখ টাকা বা আধা শতাংশ খরচ হয়। আর ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত ২৩৭ কোটি টাকা ব্যয় হয়েছে। তবে এখনো ভূমি অধিগ্রহণ করা হয়নি।
প্রথমে মিটারগেজ রেলপথ নির্মাণের কথা ছিল। কিন্তু এখন প্রকল্পটি সংশোধন করে দ্বৈতগেজ রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনের পর ব্যয় দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯ কোটি টাকা। এতে ব্যয় বেড়েছে প্রায় ৬০৩ শতাংশ। আর মেয়াদ ২০২০ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেওয়া হবে।
মূল প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেওয়ার কথা ছিল ৬৭০ কোটি টাকা। তবে সংশোধনের পর এডিবি মোট ৮ হাজার ৯১৬ কোটি টাকা দেবে। এডিবির কাছ থেকে আরও ৫০ কোটি ডলার পাওয়ার জন্য দর-কষাকষি চলছে।
রেলসচিব ফিরোজ সালাহ উদ্দিন বলেন, জমি অধিগ্রহণের জন্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশোধিত প্রকল্পে ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, ভারত, মিয়ানমারসহ পার্শ্ববর্তী দেশগুলোতে ব্রডগেজ রেলপথ বিদ্যমান। তাই সরাসরি যাতায়াত সুগম করতে এ পথটি দ্বৈতগেজে উন্নীত করা হবে। এ ছাড়া দ্বৈতগেজ হলে উত্তরবঙ্গের মানুষও সরাসরি পর্যটন নগর কক্সবাজারে যেতে পারবে।