একটু স্বস্তি পাবেন ছোট ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর ইসলামপুরের শাড়ি-কাপড়ের ব্যবসায়ী শফিকুল ইসলাম। রাজনৈতিক অস্থিরতা, হরতাল ও অবরোধের কারণে এবার ব্যবসা ভালো হয়নি।
মূলত গত বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে (অর্থবছরের প্রথম ছয় মাস) অনেক দিন দোকানই বন্ধ রাখতে হয়েছে। যেদিন খোলা রেখেছেন, সেদিন খুব একটা ক্রেতাও মেলেনি। এই সময়ে মোটামুটি লোকসানেই ছিলেন তিনি। নির্বাচনের পরে অবশ্য অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, বেচাবিক্রি বেড়েছে। তবে বছর শেষে আদৌ মুনাফা করতে পারবেন কি না, তাও নিশ্চিত নন তিনি।
এমন অবস্থায় আগামী বাজেটে এসব ছোট ব্যবসায়ীকে কিছুটা স্বস্তি দেওয়া হবে। আগে লাভ-লোকসাননির্বিশেষ টার্নওভার বা লেনদেনের ন্যূনতম দশমিক ৫ শতাংশ কর দিতে হতো। এখন এই করহার কমে দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লিমিটেড কোম্পানি ও অংশীদারি কোম্পানি—এই দুই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুযোগ দেওয়া হচ্ছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, একটি চকলেট উৎপাদক কোম্পানি বছরে ১০ কোটি টাকার চকলেট বিক্রি করল। এটা ওই কোম্পানির টার্নওভার। কিন্তু বছর শেষে দেখা গেল, ওই কোম্পানির মুনাফা হয়নি। নতুন করহারের প্রস্তাব অনুযায়ী, ওই কোম্পানি যখন বার্ষিক রিটার্ন জমা দেবে, তখন টার্নওভারের বিপরীতে দশমিক ২৫ শতাংশ হারে হিসাব করে আড়াই লাখ টাকা কর দিতে হবে। মুনাফা হয়নি—এই অজুহাত শুনবে না এনবিআর। তবে বিদ্যমান করহারে ওই কোম্পানিকে পাঁচ লাখ টাকা কর দিতে হতো। আগামী অর্থবছরে করের পরিমাণ অর্ধেকে নেমে আসবে।
এ ধরনের করারোপের ক্ষেত্রে মুনাফা হয়েছে—এমন কোম্পানির জন্য অবশ্য শর্ত রয়েছে। শর্তটি উদাহরণ দিয়ে বলা যেতে পারে: কোনো কোম্পানির টার্নওভারের বিপরীতে দশমিক ২৫ শতাংশ হারে করের পরিমাণ ২০ লাখ টাকা। কিন্তু কোম্পানির এক কোটি টাকা মুনাফা হলো। করপোরেট করহারে ওই কোম্পানির করের পরিমাণ ২৫ লাখ টাকা। এখন ওই কোম্পানিকে ২৫ লাখ টাকা কর দিতে হবে। এ ক্ষেত্রে লাভ-লোকসাননির্বিশেষে টার্নওভারের বিপরীতে করহার প্রযোজ্য হবে না।
তবে এনবিআরের এ উদ্যোগের সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘লাভ-লোকসাননির্বিশেষে কর আদায় করার বিষয়টি আয়কর আইনের সঙ্গে সাংঘর্ষিক। কেননা, আয়কর আরোপ হয় শুধু মুনাফার ওপর। লোকসান হলে কেন ওই কোম্পানি কর দেবে? এফবিসিসিআই সব সময়েই এ ধরনের কর তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে।’ তবে তিনি মনে করেন, করহার অর্ধেকে নামিয়ে আনলে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন।
তবে ভিন্নমত পোষণ করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি প্রথম আলোকে বলেন, এভাবে কর ছাড় দিয়ে এলে রাজস্ব আদায় খুব একটা বাড়ানো যাবে না। বেশির ভাগ প্রতিষ্ঠান এখনো খাতায় লিখে বেচাকেনার হিসাব রাখে। ওই সব প্রতিষ্ঠানের লাভ-লোকসানের হিসাবায়ন ঠিকভাবে করা হয়েছে কি না, তা কে দেখবে? এনবিআরের এত লোকবল নেই যে প্রতিটি কোম্পানির নিরীক্ষা প্রতিবেদন যাচাই-বাছাই করা সম্ভব। সে ক্ষেত্রে ওই সব প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় লেনদেন হিসাবব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি।
এনবিআরের একজন কর্মকর্তা জানান, বেশির ভাগ কোম্পানি লোকসান দেখিয়ে টার্নওভারের দশমিক ৫০ শতাংশ হারে ন্যূনতম কর দেয়। এসব প্রতিষ্ঠানের হিসাব বিবরণী এমনভাবে তৈরি করা হয়, যেন ওই প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে কিংবা সামান্য পরিমাণ মুনাফা হয়েছে—এমন প্রতীয়মান হয়। তাই এসব কোম্পানিকে কর প্রদানে আরও উৎসাহিত করতে টার্নওভারের বিপরীতে ন্যূনতম কর অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে।